কুমিল্লায় নিখোঁজের তিনদিন পর ডোবায় মিলল বৃদ্ধের অর্ধগলিত লাশ

কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের তিনদিন পর ডোবা থেকে আব্দুল খালেক (৬৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার ধামতী ইউনিয়নের দক্ষিণখার গ্রামের আলী আজ্জমের বাড়ির পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল খালেক দক্ষিণখার গ্রামের মৃত জুনাব আলীর ছেলে। তিনি গত সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নিখোঁজ হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পথচারীরা আলী আজ্জমের বসতঘরের পাশের ডোবায় মানুষের মতো কিছু একটা ভাসতে দেখেন। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইমাম হাসান ও উপপরিদর্শক (এসআই) সাগর বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে নিহতের ছেলে সোহাগ মিয়া মরদেহটি তার বাবা আব্দুল খালেকের বলে শনাক্ত করেন।
পরিবারের বরাত দিয়ে জানা যায়, গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নশু মার্কেটের গ্রাম্য চিকিৎসক আলম ডাক্তারের ফার্মেসি থেকে ওষুধ কিনে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন আব্দুল খালেক। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তিনদিন পর ডোবা থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এশিয়া পোস্টকে জানান, মরদেহ উদ্ধারের সময় বৃদ্ধের হাতের মুঠোয় একটি টর্চলাইট পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি ডোবায় পড়ে মারা যেতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
