logo

ছাতকে আধিপত্য নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, সুনামগঞ্জ
ছাতকে আধিপত্য নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আধিপত্য বিস্তার কেন্দ্র করে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ। ছবি: এশিয়া পোস্ট

সুনামগঞ্জের ছাতক উপজেলার আমেরতল গ্রামে আধিপত্য বিস্তার কেন্দ্র করে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর ২৯ জনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৩ মে) সকালে ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত যাদের পরিচয় শনাক্ত হয়েছে তারা হলেন–খালেদ মিয়া, ছুরুক মিয়া, সোনাই মিয়া, আদু মিয়া, সোহেল মিয়া, রাসেল মিয়া, সালাউদ্দিন, রফিক মিয়া, আমির আলী, আব্দুল গফুর, ফজল মিয়া, শুকুর আলী, আশিক মিয়া, আলী হোসেন, জাবের আহমদ, মো. শাহজাহান, তাজুল মিয়া, ফয়সল আহমদ ও আরজ আলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমেরতল গ্রামের দুটি প্রভাবশালী গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত ঈদের আগে দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় উভয়পক্ষের মধ্যে মামলা চলছে।

সেই বিরোধকে কেন্দ্র করে শনিবার সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

আমেরতল গ্রামের বাসিন্দা ইমাম হোসেন জানান, গত ঈদের আগে দুপক্ষের মধ্যে মারামারির হয়েছিল। এরপর মামলা-মোকদ্দমা চলছে। সেই বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের লোকজন মারামারিতে জড়িয়ে পড়ে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পূর্ববিরোধের জের ধরে আমেরতল গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।