logo
Advertisement

হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে হেযবুত তওহীদের প্রতিবাদ

এশিয়া পোস্ট নিউজ, সুনামগঞ্জ
হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে হেযবুত তওহীদের প্রতিবাদ
সুনামগঞ্জে সংবাদ সম্মেলনে হেযবুত তওহীদের নেতারা। ছবি: এশিয়া পোস্ট

হেফাজতে ইসলামের মিথ্যাচার, ফতোয়াবাজি ও হুমকির প্রতিবাদে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন করেছে হেযবুত তওহীদ। এ সম্মেলনে হেযবুত তওহীদের সদস্যদের জানমালের নিরাপত্তার দাবি জানানো হয়েছে।

Advertisement

বুধবার (১৯ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা হেযবুত তওহীদের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন।

লিখিত বক্তব্যে মোহাম্মদ জাকির হোসেন বলেন, গত ১ আগস্ট নোয়াখালী জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের সমাবেশে হেযবুত তওহীদের বিরুদ্ধে উসকানিমূলক, কুরুচিপূর্ণ ও মিথ্যা প্রচারণা চালানো হয়েছে। ওই সমাবেশে বক্তারা হেযবুত তওহীদের ইমাম ও সদস্যদের বিরুদ্ধে অগণতান্ত্রিক ও হিংসাত্মক বক্তব্য দেন। সংগঠনটির আস্তানা গুঁড়িয়ে দিয়ে দেশ থেকে উৎখাত করার হুমকিও দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, উগ্রবাদীদের ইন্ধনে পোরকরা গ্রামে হেযবুত তওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিমের গ্রামের বাড়িতে চারবার হামলা চালানো হয়েছে। বর্তমানে নোয়াখালীতে সংগঠনটির স্কুল, হাসপাতাল, খামার ও পোশাক কারখানাসহ অর্ধশতাধিক উন্নয়ন প্রকল্প হুমকির মুখে রয়েছে।

সংবাদ সম্মেলনে উসকানি ও ফতোয়া প্রদানকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদ ব্যবহার করে উসকানি বন্ধ করা, হেযবুত তওহীদের কার্যালয়, সদস্যদের পরিবার ও উন্নয়নমূলক প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত এবং সংগঠনটির মতপ্রকাশ ও ধর্মীয় অধিকার রক্ষা করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, ইউনিট আমির সুলতান মাহমুদ, মারফত আলী, সাদেম আলী, সিনিয়র সদস্য তাসাদ্দক রাজা ইমন, রহিছ মিয়া, আব্দুল নুর, রুহুল আমিন, আব্দুল হামিদ, ডা. সৈয়দ ইউসুফ মিয়া, জেলা ছাত্র ফোরামের সভাপতি ফুল মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।