Advertisement

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে বান্দরবানের ৫ পর্যটন কেন্দ্রে বিনামূল্যে প্রবেশ

এশিয়া পোস্ট নিউজ, বান্দরবান
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে বান্দরবানের ৫ পর্যটন কেন্দ্রে বিনামূল্যে প্রবেশ
ছবি : এশিয়া পোস্ট

জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে বান্দরবানে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে দর্শনার্থীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করা হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার (৫ আগস্ট) বান্দরবান পার্বত্য জেলা প্রশাসনের পরিচালিত চারটি পর্যটন কেন্দ্র এবং বান্দরবান পৌর শিশু পার্কে দর্শনার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।

বান্দরবান পার্বত্য জেলা প্রশাসনের এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন পরিচালিত নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক ও চিম্বুক পর্যটন কেন্দ্রে ওই দিন কোনো প্রবেশ ফি নেওয়া হবে না। ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকরাও বিনামূল্যে এসব দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ পাবেন।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এস এম হাসান জানান, জুলাই গণ-অভ্যুত্থান দিবস যথাযথ মর্যাদায় পালনের অংশ হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এদিকে পৃথক এক বিজ্ঞপ্তিতে বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক জানান, একই দিন বান্দরবান পৌর শিশু পার্কেও সকল দর্শনার্থীর জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা থাকবে।

প্রশাসনের এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বান্দরবান শহরের কালাঘাটা এলাকার বাসিন্দা মো. সোহেল রানা বলেন, এ ধরনের উদ্যোগে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা কোনো খরচ ছাড়াই পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার সুযোগ পাবেন। এটি খুবই প্রশংসনীয় উদ্যোগ।

মেঘলা এলাকার বাসিন্দা মারমা থোয়াইচিং বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দিবসকে ঘিরে এমন আয়োজন মানুষকে দিবসটির তাৎপর্য জানানোর পাশাপাশি পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখার সুযোগ করে দেবে।

বান্দরবান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলাম বলেন, শিশু পার্কে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাওয়ায় শিশুদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হবে এবং পরিবারগুলোও একটি সুন্দর দিন কাটাতে পারবে।

স্থানীয় ব্যবসায়ী উমেচিং মারমা বলেন, পর্যটকদের সংখ্যা বাড়লে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও পরিবহন খাত উপকৃত হবে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখা উচিত।

জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এই উদ্যোগের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের তাৎপর্য ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছে যাবে এবং বান্দরবানের পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে দর্শনার্থীদের শৃঙ্খলা বজায় রাখা, পর্যটন কেন্দ্রের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে প্রশাসন।