logo
Advertisement

মাগুরায় ২৮৮ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীকে কারাদণ্ড

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
শ্রীপুর, মাগুরা
মাগুরায় ২৮৮ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীকে কারাদণ্ড
মাগুরার শ্রীপুর উপজেলার টিকারবিলা বাজারে অবৈধভাবে মজুত করা সারের গুদামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: এশিয়া পোস্ট

মাগুরার শ্রীপুর উপজেলায় সারের কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ মজুতের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার টিকারবিলা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুত করা ২৮৮ বস্তা সার জব্দ করা হয়েছে। একই সঙ্গে অনুমোদন ছাড়া সার মজুত রাখার দায়ে জামিরুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা পিংকির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টিকারবিলা বাজারের ব্যবসায়ী জামিরুল ইসলামের বসতঘরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। তল্লাশি চালিয়ে তাঁর ঘর থেকে ২৮৮ বস্তা সার উদ্ধার করা হয়। স্থানীয় বাজারে কৃত্রিম সংকট তৈরি করে চড়া দামে বিক্রির উদ্দেশ্যে এসব সার মজুত করা হয়েছিল। ৫ দিনের ব্যবধানে একই এলাকায় অবৈধ সারের বিরুদ্ধে এটি দ্বিতীয় সফল অভিযান।

সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা পিংকি অভিযুক্ত ব্যবসায়ী জামিরুল ইসলামকে জরিমানা ও কারাদণ্ডের আদেশ দেন।

শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির জানান, অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট তৈরির খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ সহায়তায় এ অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা পিংকি জানান, কৃষি খাতে কৃত্রিম সংকট তৈরি বা কোনো ধরনের অসাধু পন্থা অবলম্বনকারীদের বরদাশত করা হবে না। কৃষকদের স্বার্থে এবং নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে।