logo

হত্যাচেষ্টা মামলায় জামিন চাইতে গিয়ে কারাগারে বিএনপি নেতা

হত্যাচেষ্টা মামলায় জামিন চাইতে গিয়ে কারাগারে বিএনপি নেতা
গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান।

কুমিল্লার দাউদকান্দি উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আহম্মেদ হোসেন তালুকদারকে হত্যাচেষ্টার মামলায় গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৮ নভেম্বর) সকালে কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি সশরীরে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মো. ফরহাদ রায়হান ভূঁইয়া তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Advertisement

জানা গেছে, গত বছরের (২০২৫) ৩ জুলাই দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা কৃষকদলের আহ্বায়ক আহম্মেদ হোসেন তালুকদারের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এ ঘটনায় পরদিন ৪ জুলাই আহত নেতার ছোট ভাই মো. শাহাদাত হোসেন তালুকদার বাদী হয়ে মিজানুর রহমানকে প্রধান আসামি করে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন আগাম জামিন নেন মিজানুর রহমান।

আরও জানা যায়, হামলার দিন অর্থাৎ ২০২৫ সালের ৩ জুলাই ঘোষিত গোয়ালমারী ইউনিয়ন বিএনপির ‘সুপার ফাইভ’ কমিটিতে মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছিল। ওই দিনই কৃষকদল নেতা আহম্মেদ হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে।

সাবেক ইউপি চেয়ারম্যান আহম্মেদ হোসেন তালুকদার বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করেননি। দীর্ঘ সময় পর কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। বিচারক জামিন নামঞ্জুর করে কোর্ট ওয়ারেন্টের (সি.ডব্লিউ) মাধ্যমে আসামিকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। এতে আমি আদালতের প্রতি কৃতজ্ঞ।