ওসমান ফারুকের পদত্যাগে বিস্মিত নেতাকর্মীরা/‘আমাদের না জানিয়ে পদত্যাগ করবেন, ভাবিনি’

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তার আকস্মিক পদত্যাগে দলের একাংশের নেতারা হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
তাদের অভিযোগ, নেতাকর্মীদের সঙ্গে কোনো আলোচনা না করেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে দলের আরেকটি অংশ তার পদত্যাগকে ইতিবাচক হিসেবে দেখছে। তাদের মতে, বয়স ও অসুস্থতার কারণে এলাকায় সময় দিতে না পারায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আগে থেকেই হতাশা তৈরি হয়েছিল।
করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল বলেন, নির্বাচনের পর তারা আশা করেছিলেন, ড. ওসমান ফারুক গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন। কিন্তু তাকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। মন্ত্রিত্ব না পাওয়ার হতাশার কথা তিনি মাঝেমধ্যে স্থানীয় নেতাকর্মীদের কাছে প্রকাশ করতেন।
আজিজুল ইসলাম দুলাল বলেন, আমরা তার হতাশার বিষয়টি জানতাম। তবে আমাদের না জানিয়ে তিনি পদত্যাগ করবেন, তা কখনো ভাবিনি।
করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি আশরাফ হোসেন পাভেল বলেন, অনেক আশা-ভরসা নিয়ে দিনরাত পরিশ্রম করে নেতাকর্মীরা তাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন। তার জন্য তারা অনেক পরিশ্রম করেছেন। কিন্তু পদত্যাগের বিষয়ে তিনি একবারের জন্যও তাদের সঙ্গে আলোচনা করেননি।
আশরাফ হোসেন পাভেল বলেন, তার অসুস্থতা বা অন্য কোনো হতাশা থাকলে অন্তত নেতাকর্মীদের সঙ্গে কথা বলা উচিত ছিল। কাউকে কিছু না জানিয়ে হঠাৎ পদত্যাগ করায় আমরা মর্মাহত ও ব্যথিত হয়েছি।
করিমগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দুলাল শিকদার বলেন, করিমগঞ্জ ও তাড়াইলের মানুষ এলাকার উন্নয়নের প্রত্যাশায় তাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছিলেন। তাকে ঘিরে স্থানীয় মানুষের অনেক প্রত্যাশা ছিল। কিন্তু পদত্যাগের বিষয়ে তিনি কারও সঙ্গে যোগাযোগ করেননি। এমনকি তার অসুস্থতার বিষয়েও পরিষ্কার করে কিছু জানাননি।
আব্দুল মান্নান দুলাল শিকদার বলেন, তার মধ্যে হতাশা ছিল। আগে তিনি শিক্ষামন্ত্রী ছিলেন। এখন সংসদে পেছনের সারিতে বসে থাকতে হয়, দলে তার মূল্যায়ন নেই এসব কারণেই তিনি পদত্যাগ করেছেন বলে আমাদের ধারণা। আমাদের সঙ্গে কথা বলে পদত্যাগ করলে অন্তত কিছুটা সান্ত্বনা পেতাম।
তবে স্থানীয় বিএনপির আরেকটি অংশ ওসমান ফারুকের পদত্যাগকে ইতিবাচক হিসেবে দেখছে। এই অংশের নেতাদের দাবি, ওসমান ফারুক সৎ রাজনীতিবিদ হলেও বয়স ও শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালনে সীমাবদ্ধতা তৈরি হয়েছিল।
তাদের ভাষ্য, তার বয়স ৮৬ বছর। বয়সের কারণে তার স্মৃতিশক্তিও কিছুটা কমে গিয়েছিল। অনেক নেতাকর্মীকে তিনি ঠিকমতো চিনতে পারতেন না। নির্বাচনের পর তিনি এলাকায় মাত্র দু-একবার এসেছিলেন। এতে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি হয়।
এই অংশের নেতাকর্মীদের অভিযোগ, ওসমান ফারুকের অনুপস্থিতিতে তার চাচাতো ভাই ও ব্যক্তিগত সহকারী মেজবাহ উদ্দিন টুটুল এলাকার উন্নয়নসহ সার্বিক কর্মকাণ্ড পরিচালনা করতেন। এ সুযোগে টুটুল নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন বলে তাদের অভিযোগ। এসব বিষয়কে কেন্দ্র করে স্থানীয় বিএনপিতে তীব্র কোন্দল ও বিভক্তি তৈরি হয়।
করিমগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ও বিএনপিকর্মী তাজুল ইসলাম বলেন, ওসমান ফারুক স্যারের প্রতি আমরা কৃতজ্ঞ। তিনি সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। তার শারীরিক সীমাবদ্ধতার কারণে করিমগঞ্জ ও তাড়াইলে যে ব্যক্তিগত সহকারী (পিএস) সিন্ডিকেট গড়ে উঠেছিল, তার পদত্যাগের মধ্য দিয়ে সেটির অবসান হলো। আমরা তার শারীরিক সুস্থতা কামনা করি।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মেজবাহ উদ্দিন টুটুল। মন্ত্রিত্ব না পাওয়ায় ওসমান ফারুকের মধ্যে কোনো হতাশা ছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, মন্ত্রিত্ব না পাওয়া নিয়ে তার কোনো হতাশা ছিল না। বরং তিনি বলতেন, আমার বয়স হয়েছে, মন্ত্রিত্ব না দেওয়ায় ভালোই হয়েছে। টুটুলের দাবি, ওসমান ফারুকের পদত্যাগের একমাত্র কারণ শারীরিক অসুস্থতা।
তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম বলেন, সংসদ সদস্য ওসমান ফারুকের পদত্যাগে করিমগঞ্জ ও তাড়াইলের বিএনপির নেতাকর্মীরা খুবই হতাশ হয়েছেন। তবে তার বয়স হয়েছিল, তিনি অসুস্থ ছিলেন এবং এলাকায় আসতে পারতেন না। এখন আর কী করার আছে! যা হওয়ার হয়ে গেছে।
নির্বাচনের পর সংসদ সদস্যকে এলাকায় কতবার পেয়েছেন, জানতে চাইলে সারোয়ার আলম বলেন, তিনি দুবার এলাকায় এসেছিলেন। এরপর আর আসেননি।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট জালাল মো. গাউসও পদত্যাগের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বলেন, আমি নিজেও এই আসন থেকে প্রার্থী ছিলাম। কিন্তু দলের সিদ্ধান্ত মেনে তার হয়ে মনপ্রাণ দিয়ে নির্বাচন করেছি। দিনরাত পরিশ্রম করেছি। অথচ তিনি হঠাৎ পদত্যাগ করে ফেললেন, একবারও কারও সঙ্গে পরামর্শ করলেন না। বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছি না।
জালাল মো. গাউস আরও বলেন, তিনি পদত্যাগ করলে আগেও করতে পারতেন, অথবা আরও পরে করতে পারতেন। দল মাত্র ক্ষমতায় এসেছে। এখন সময় দেশকে এগিয়ে নেওয়ার। এমন সময়ে তার মতো একজন বিজ্ঞ মানুষের কাছ থেকে এমন সিদ্ধান্ত মোটেও প্রত্যাশিত ছিল না।
জালাল মো. গাউস জানান, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তার জানামতে ওসমান ফারুক মাত্র দুবার এলাকায় এসেছিলেন। দুই দিন অবস্থান করলেও খুব অল্প সময়ের জন্য ছিলেন। চিকিৎসার কথা জানিয়ে চলে যান। পরে চিকিৎসা শেষে এলাকায় ফিরে সময় দেবেন বলেও জানিয়েছিলেন। কিন্তু হঠাৎ তার পদত্যাগের খবর শুনে তারা বিস্মিত হয়েছেন।
এদিকে করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ড. ওসমান ফারুকের সঙ্গে তাদের মাত্র দুটি অনুষ্ঠানে দেখা হয়েছে। এর একটি ছিল কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভা, অন্যটি একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পোশাক বিতরণ অনুষ্ঠান। এর বাইরে প্রশাসনের সঙ্গে তার তেমন যোগাযোগ ছিল না। কর্মকর্তাদের প্রয়োজনে যোগাযোগ করা হলে কথা হতো, তবে তিনি নিজ থেকে খুব একটা যোগাযোগ করতেন না।
গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ২৪ অক্টোবর প্রায় আট বছর পর দেশে ফেরেন ওসমান ফারুক। এরপর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন তিনি। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন।







