৩৬ ঘণ্টা পর গোপালগঞ্জ হয়ে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল শুরু

গোপালগঞ্জে উত্তেজনাকর পরিস্থিতির কারণে প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-খুলনা মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টার পর থেকে এই রুটে ঢাকা ও চট্টগ্রামগামী বাস ছেড়ে যেতে শুরু করে।
ইমাদ, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, বনফুল, ফাল্গুনী, সোহাগ ও হানিফসহ বিভিন্ন পরিবহন কাউন্টার সূত্রে জানা গেছে, সকাল থেকেই যাত্রীবাহী বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার জেরে মহাসড়কে গাছ ও বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ সৃষ্টি করা হলে যান চলাচল বন্ধ হয়ে যায়। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার কথা বিবেচনা করে পরিবহন মালিকেরা বাস চলাচল স্থগিত রাখেন। বর্তমানে সড়কের কিছু অংশে গাছপালার ধ্বংসাবশেষ পড়ে থাকলেও সেগুলো পাশ কাটিয়ে যানবাহন চলাচল করছে।
দোলা পরিবহনের বাগেরহাটগামী বাসের সুপারভাইজার আজিম উদ্দিন বলেন, শুক্রবার সকাল থেকে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। গোপালগঞ্জের ভেতরে এখন কোনো সমস্যা নেই।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, বৃহস্পতিবার রাত ১০টার মধ্যে মহাসড়ক থেকে প্রতিবন্ধকতা সরিয়ে পরিষ্কার করা হয়। এরপর থেকেই যানবাহন চলাচল শুরু হয়।




