পটুয়াখালীতে ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ১

পটুয়াখালীর মহিপুরে চার বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সেকান্দার চৌকিদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার ধুলাসার ইউনিয়নের অনন্তপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, ওই শিশুর বাবা বাদী হয়ে সেকান্দার চৌকিদারের বিরুদ্ধে মহিপুর থানায় যৌন নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সেকান্দার শিশুটির প্রতিবেশী। বিভিন্ন অজুহাতে তিনি প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করতেন।
গত ১৪ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে খাবার দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে বাড়ির পাশের খালপাড়ে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেখানে শিশুটির ওপর যৌন নির্যাতন করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এ সময় শিশুটি চিৎকার করলে সেকান্দার সেখান থেকে পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ বলেন, অনন্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার আসামি সেকান্দার চৌকিদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।



