গোপালগঞ্জে এক দিনেই আওয়ামী লীগের ৫১ নেতাকর্মীর পদত্যাগ

গোপালগঞ্জের মুকসুদপুরে পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ৫১ জন নেতাকর্মী দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার (২ আগস্ট) সকাল থেকে রাত পর্যন্ত পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে আয়োজিত পৃথক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন মুকসুদপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও ওয়ার্ড আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিল্লাল মোল্লা, সদস্য পলাশ মোল্লাসহ ৫, ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী।
এ ছাড়া উজানী ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হরিদাস বিশ্বাস, সহসভাপতি প্রণয় কর্মকার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহন বাঁশি পান্ডে, সদস্য নিপেন পান্ডে, বুদ্ধিকান্তি পান্ডে ও মৃত্যুঞ্জয় পান্ডে; ৬ নম্বর ওয়ার্ডের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খিপু মোল্লা, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ইয়াদ আলী মোল্লা; মহারাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সঞ্জিত দত্ত এবং গোবিন্দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য কালাচান দাস পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পদত্যাগকারীরা বলেন, তারা স্বেচ্ছায় ও সজ্ঞানে আওয়ামী লীগের সব ধরনের পদ-পদবি, প্রাথমিক সদস্যপদ এবং সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়াচ্ছেন। ভবিষ্যতে দলের কোনো ধরনের কর্মকাণ্ডের সঙ্গে তারা আর সম্পৃক্ত থাকবেন না বলেও ঘোষণা দেন।
মুকসুদপুরে সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের এমন গণপদত্যাগের ঘোষণায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
.png)


