থানার সামনে গিয়ে আত্মহত্যার হুমকি বিএনপি নেতার

নিজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচারকারীকে ১২ ঘণ্টার মধ্যে চিহ্নিত করা না গেলে থানার সামনে আত্মহত্যার হুমকি দিয়েছেন গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব মো. বিল্লাল হোসেন বেপারী। রোববার (২ আগস্ট) বিকেলে শ্রীপুর থানা পুলিশ আয়োজিত ‘মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভায়’ প্রধান অতিথি পুলিশ সুপারের সামনেই এই হুমকি দেন তিনি।
বিল্লাল হোসেন বেপারী শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রামের বাসিন্দা এবং পৌর বিএনপির সদস্য সচিব।
মতবিনিময় সভায় উপস্থিত প্রধান অতিথি গাজীপুরের পুলিশ সুপার শরিফ উদ্দীনকে উদ্দেশ্য করে বিল্লাল হোসেন বলেন, কয়েক দিন ধরে আমার একটি ছবির সঙ্গে টেবিলে রাখা মদের বোতল এবং অন্য দুই ব্যক্তির ছবি এডিট করে যুক্ত করে কয়েকটি ভুয়া ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। বিষয়টি জানতে পেরে আমি তাৎক্ষণিকভাবে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি। কিন্তু পুলিশ এখন পর্যন্ত তার কোনো অগ্রগতি করতে পারেনি।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আগামী ১২ ঘণ্টার মধ্যে অপপ্রচারকারীকে শনাক্ত করা না গেলে আমি থানার সামনে এসে আত্মহত্যা করব। ওই ভুয়া ছবির মাধ্যমে আমার এবং আমার পরিবারের মানসম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ন করা হচ্ছে। আমি পৌর বিএনপির সদস্য সচিব হয়েও যদি থানায় এসে ন্যূনতম সেবা না পাই, তাহলে দলের সাধারণ কর্মী ও এলাকার সাধারণ মানুষকে কীভাবে নিরাপত্তা দেব?
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের পুলিশ সুপার শরিফ উদ্দীন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
.png)


