যশোরে এসআরবির অভিযানে ৮টি ককটেলসদৃশ বোমা উদ্ধার

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার খবর পেয়ে যশোর শহরের শংকরপুর বালির মাঠ এলাকায় অভিযান চালিয়ে আটটি ককটেলসদৃশ বোমা উদ্ধার করেছে এসআরবি-৬ এর সদস্যরা। অভিযানের সময় টের পেয়ে কয়েকজন দুর্বৃত্ত পালিয়ে যায়। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ অভিযান চালানো হয়। পরে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এসআরবি-৬ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শংকরপুর বালির মাঠ এলাকায় অভিযান চালান বাহিনীর সদস্যরা। এ সময় এসআরবির উপস্থিতি টের পেয়ে কয়েকজন দুর্বৃত্ত দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি প্যাকেটে রাখা আটটি ককটেলসদৃশ বোমা উদ্ধার করা হয়।
উদ্ধার করা ককটেলসদৃশ বোমাগুলো জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান, শংকরপুর এলাকায় কয়েকজন দুর্বৃত্ত ককটেল নিয়ে নাশকতার পরিকল্পনা করছে বলে গোপন তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালানো হলে দুর্বৃত্তরা দেয়াল টপকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে পরিত্যক্ত অবস্থায় একটি প্যাকেটে আটটি ককটেলসদৃশ বোমা পাওয়া যায়।
তিনি আরও বলেন, দুর্গাপূজা উপলক্ষে কোনো স্থানে নাশকতা চালানোর উদ্দেশ্যে এসব ককটেল মজুত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। শারদীয় দুর্গাপূজা ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের বিশেষ টহল, চেকপোস্ট ও নজরদারি অব্যাহত রয়েছে।
