logo
Advertisement

লালমনিরহাটে সারের দাবিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,লালমনিরহাট
লালমনিরহাটে সারের দাবিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
রংপুর-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোপ করেছেন ক্ষুব্ধ কৃষকেরা। ছবি : এশিয়া পোস্ট

চলতি আমন মৌসুমে সারের তীব্র সংকট ও ডিলারদের কারসাজির অভিযোগে লালমনিরহাটে রংপুর-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ কৃষকরা।

Advertisement

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলায় ‘বাফা’ (বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন) গুদামের সামনের মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখালে প্রায় এক ঘণ্টা সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ থাকে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আমন ধান চাষের চরম মুহূর্তে সরকারি গুদামে এসেও সার না পেয়ে রোববার সকালে বিক্ষুব্ধ হয়ে ওঠেন কৃষকরা। একপর্যায়ে তারা বাফা গুদামের সামনের মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ডিলারদের সিন্ডিকেটের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। বিক্ষুব্ধ কৃষকদের ধাওয়ায় কৃষি বিভাগের কয়েকজন মাঠকর্মী ও এক ডিলার কাছের একটি পেট্রোল পাম্পে আশ্রয় নিলে কৃষকরা তাদের অবরুদ্ধ করে রাখেন।

কৃষকদের অভিযোগ, বিসিআইসি ও বিএডিসির অনুমোদিত ডিলাররা কৃত্রিম সংকট তৈরি করে রাখা ছাড়াও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নিচ্ছেন। কৃষকদের কাছে ন্যায্যমূল্যে কার্ড অনুযায়ী সার বিক্রি না করে তা খোলাবাজারে চড়া দামে পাচার করা হচ্ছে।

খবর পেয়ে লালমনিরহাটের জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক, পুলিশ সুপার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তারা ডিলারদের উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে শৃঙ্খলা বজায় রেখে সরকারি মূল্যে সার বিতরণের প্রশাসনিক উদ্যোগ নেন। সার বিতরণ শুরু হলে এবং অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি পেয়ে বেলা ১১টার দিকে কৃষকরা অবরোধ তুলে নেন।

এ বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক জানান, জেলায় কোনো সারের ঘাটতি নেই এবং পর্যাপ্ত মজুত রয়েছে। বিতরণ ব্যবস্থার অব্যবস্থাপনার কারণে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল। কোনো ডিলার বা সিন্ডিকেটের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।