logo

আর্জেন্টিনা ভক্তদের সহযোগিতায় ব্রাজিলের ৪০০ ফুট পতাকা!

আর্জেন্টিনা ভক্তদের সহযোগিতায় ব্রাজিলের ৪০০ ফুট পতাকা!
ব্রাজিলের ৪০০ ফুট লম্বা পতাকা। ছবি: এশিয়া পোস্ট

দরজায় কড়া নাড়ছে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ। আগামী ১২ জুন থেকে শুরু হতে যাওয়া এই বিশ্বমঞ্চকে ঘিরে নওগাঁতেও শুরু হয়েছে তুমুল উন্মাদনা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে নিত্যনতুন কাণ্ড ঘটিয়ে চলেছেন সমর্থকরা। রাইভালরি বা শত্রুতা নয়, বরং এক অনন্য সম্প্রীতির চিত্র দেখা গেল নওগাঁর পোরশা উপজেলায়।

সেখানকার কাচারিপাড়া গ্রামের ফুটবলপ্রেমী শিক্ষার্থী ও যুবসমাজ প্রিয় দল ব্রাজিলের সমর্থনে টাঙিয়েছে বিশাল ৪০০ ফুট লম্বা একটি পতাকা। তবে এই আয়োজনের সবচেয়ে সুন্দর দিক হলো পতাকাটি তৈরিতে ব্রাজিলের পাশাপাশি চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সমর্থকরাও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন।

পতাকা নির্মাণ ও টাঙানোর পেছনে অবদান রেখেছেন আল আমিন, নাকিব, শামীমের মতো কট্টর ব্রাজিল ভক্তরা; আবার সমান তালে খাটাখাটুনি করেছেন মঞ্জিল ও মাসরুলের মতো কট্টর আর্জেন্টিনা সমর্থকরাও।

উদ্যোক্তারা জানান, বাংলাদেশের জাতীয় পতাকাকে সবার সামনে ও সম্মানের স্থানে রেখে সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ব্রাজিলের পতাকাটি।

আর্জেন্টিনার সমর্থক মাসরুল বলেন, এখানে সবাই ব্রাজিলের সমর্থক নই। আর্জেন্টিনার সমর্থকও আছেন। বিশ্বকাপ মানেই আনন্দ। আমরা সবাই মিলেমিশে খেলা উপভোগ করতে চাই। এই আনন্দ স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ নিয়েছি।

উপজেলার ঘাটনগর ইউনিয়নের কাচারী পাড়া গ্রামে খোঁজ নিয়ে জানা যায়, এলাকার ছোট-বড় সবাই মিলে নিজেদের পকেট থেকে চাঁদা তুলে সাড়ে আট হাজার টাকা ফান্ড তৈরি করেন। সেই অর্থ দিয়েই তৈরি করা হয় ৪০০ ফুটের এই বিশাল ব্রাজিলিয়ান পতাকা।

এলাকার আমিনুল ইসলাম বাচ্চু মাস্টারের বাড়ি থেকে শুরু করে রাশেদা মেম্বারের বাড়ি পর্যন্ত পুরো এলাকা এখন এই পতাকায় শোভিত। বিশেষ করে প্রিয় তারকা ও স্ট্রাইকার নেইমার জুনিয়র দলে থাকায় স্থানীয় ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস এখন আকাশচুম্বী।

ব্যতিক্রমী এই উদ্যোগের বিষয়ে পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম ইতিবাচক সাড়া দিয়েছেন। তিনি জানান, দেশের প্রচলিত নিয়ম মেনে এবং বাংলাদেশের জাতীয় পতাকাকে সমুন্নত ও যথাযথ সম্মান প্রদর্শন করে যদি কেউ নিজ পছন্দের দলের পতাকা টাঙায়, তাতে কোনো আইনি বাধা নেই।

আনন্দ ও ভ্রাতৃত্ববোধের জায়গা থেকে ফুটবলকে ঘিরে এমন সৌহার্দ্যপূর্ণ পরিবেশকে তিনি স্বাগত জানান। ইউএনও বলেন, সমর্থকদের প্রিয় দল নিয়ে কোনো ধরনের হাঙ্গামা, বিশৃঙ্খলা বা আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করা হলে উপজেলা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।