logo

ছেলের ওপর হামলা থামাতে যাওয়া বৃদ্ধকে পিটিয়ে হত্যা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, নেত্রকোনা
ছেলের ওপর হামলা থামাতে যাওয়া বৃদ্ধকে পিটিয়ে হত্যা
এশিয়া পোস্ট গ্রফিক্স

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে যুবকের ওপর হামলা থামাতে যাওয়া তার বৃদ্ধ বাবাকে মারধর করে হত্যার খবর পাওয়া গেছে।

রোববার (১৭ মে) সকালে উপজেলার খারনৈ ইউনিয়নের বরদল পূর্বপাড়া গ্রামের একটি ধানক্ষেতে এ ঘটনা ঘটে।

নিহত বাবুল মিয়া উপজেলার বরদল পূর্বপাড়া গ্রামের মৃত সোনাহর মিয়ার ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ও ধান ভাঙার মেশিনের শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্র জানায়, প্রায় ২০ থেকে ২৫ দিন আগে ধান কাটার শ্রমের বাবদ একই গ্রামের হাবিবুর রহমানের কাছে বাবুল মিয়ার পরিবারের ১০ থেকে ১৫ হাজার টাকা পাওনা ছিল। রোববার সকালে তার ছেলে মো. সিরাজুল ইসলাম পাশের একটি জমিতে শ্রমিক হিসেবে ধান কাটার কাজ করছিলেন। এ সময় সকাল সাড়ে ৮টার দিকে হাবিবুর রহমানের সঙ্গে দেখা হলে তিনি পাওনা টাকা দাবি করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে হাবিবুর রহমানের সঙ্গে থাকা সাদ্দাম, মোস্তাকিম ও মোজাকিমসহ কয়েকজন সিরাজুল ইসলামকে মারধর শুরু করেন। ছেলেকে মারধর করতে দেখে বাবুল মিয়া ঘটনাস্থলে ছুটে গেলে অভিযুক্তরা তাকে দাড়ি ধরে ফেলে দেন এবং বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা থেকে পালিয়ে যায়। আহত অবস্থায় বাবুল মিয়াকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শৌভিক শ্রাবণ দত্ত জানান, হাসপাতালে আনার আগেই বাবুল মিয়ার মৃত্যু হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।