logo
Advertisement

নিখোঁজের পর ডোবায় মিলল ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ

নিখোঁজের পর ডোবায় মিলল ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ
মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় উৎসুক জনতা। ছবি : এশিয়া পোস্ট

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর থেকে নিখোঁজের একদিন পর মো. আইয়ুব হোসেন (৫০) নামে এক ভাঙারি ব্যবসায়ীর বস্তাবন্দী ও হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কাঁচপুর উত্তরপাড়া এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আইয়ুব হোসেন কাঁচপুর উত্তরপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সেখানে ভাঙারি ব্যবসা করে আসছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত থেকে আইয়ুব হোসেন নিখোঁজ ছিলেন। রাতে বাড়িতে না ফেরায় স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

বুধবার সকালে কাঁচপুরের জালালাবাদ ওষুধ কোম্পানির পেছনে একটি ভাঙারি গোডাউনের পাশের ডোবায় স্থানীয়রা একটি বস্তা ভাসতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা সোনারগাঁ থানা-পুলিশকে খবর দেন।

খবর পেয়ে সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে বস্তাটি উদ্ধার করে। পরে বস্তার মুখ খুলে ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় আইয়ুব হোসেনের মরদেহ পাওয়া যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

খবর পেয়ে নারায়ণগঞ্জের ‘খ’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, আইয়ুব হোসেনের মৃত্যুর প্রকৃত কারণ এবং এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।