logo

ব্রাহ্মণবাড়িয়া কারাগারে কয়েদির মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া কারাগারে কয়েদির মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার। ছবি: সংগৃহীত

ইয়াবা সেবন মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত কয়েদি মরন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন।

সোমবার (১৮ মে) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের বায়জিদ মিয়ার ছেলে।

কারাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার সকালে কারাগারে নাশতা করার সময় অসুস্থ হয়ে পড়েন কয়েদি মরন। কারাগারের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার দ্রুত অবনতি হলে তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারাগারের চিকিৎসক ডা. শাখাওয়াত হোসেন তানভীর জানান, হাসপাতালে নেওয়ার সময় মরন মিয়ার রক্তচাপ, পালস ও অক্সিজেন লেভেল পাওয়া যাচ্ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকজনিত কারণে মারা যেতে পারেন।

জেল সুপার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, গত ৯ মে ইয়াবা সেবন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে মরন মিয়া কারাগারে আসেন। সকালে অসুস্থ হওয়ার খবর পেয়ে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, মরদেহ বর্তমানে জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।