কিশোরীকে বাড়ি থেকে টেনেহিঁচড়ে নিয়ে মারধর, ভিডিও ভাইরাল

নীলফামারীর ডোমারে পরকীয়ার অভিযোগ তুলে এক কিশোরীকে বাড়ির সামনে থেকে টেনেহিঁচড়ে নিয়ে মারধরের ঘটনা ঘটেছে। নির্যাতনের এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ভিডিওটি ছড়িয়ে পড়ে। তবে এর আগে ২৩ নভেম্বর বিকেলে ডোমারের সোনারায় ইউনিয়নের ডুগডুগি পাটোয়ারীপাড়ায় ঘটনাটি ঘটেছে।
নির্যাতনের শিকার ওই কিশোরী স্থানীয় একটি কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত পরিবারের সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে ভুক্তভোগীর পরিবার।
ভুক্তভোগী ও তার পরিবারের অভিযোগ, ঘটনার দিন ওই কিশোরী তার ভাবির সঙ্গে বাড়ির সামনে বসে গল্প করছিল। এ সময় একই এলাকার আব্দুল বাকির ছেলে আসিফের সঙ্গে কিশোরীর সম্পর্কের অপবাদ দিয়ে আসিফের মা ও পুত্রবধূ সেখানে গিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। এর প্রতিবাদ করলে আসিফের মা ও পুত্রবধূ কিশোরীকে টেনেহিঁচড়ে নিজেদের বাড়িতে নিয়ে যান এবং উঠানে ফেলে মারধর করেন। একপর্যায়ে তার পরনের পোশাক ছিঁড়ে ফেলা হয়।
ভুক্তভোগী কিশোরী জানায়, আসিফ তার প্রতিবেশী চাচা এবং তাকে ভাতিজি বলে ডাকেন। তাদের মধ্যে কোনো অনৈতিক সম্পর্ক নেই। ভিত্তিহীন অভিযোগ তুলে গালিগালাজ ও এর প্রতিবাদ করায় তাকে এভাবে নির্যাতন করা হয়েছে।
কিশোরীর বলেন, ‘আমি অনেক অনুরোধ করেছি, তাদের হাত-পা ধরেছি। তারপরও তারা আমাকে ছাড়েনি। আমার কাপড় ছিঁড়ে মারধর করেছে। পরে এলাকাবাসী আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। মিথ্যা অপবাদ দিয়ে আমার ভবিষ্যৎ নষ্ট করা হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।’
কিশোরীর মা ও ভাবির অভিযোগ, কোনো কারণ ছাড়াই তাদের মেয়েকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে মারধর করা হয়েছে। যার সঙ্গে সম্পর্কের অভিযোগ তোলা হচ্ছে, তিনি বিবাহিত এবং তার সন্তানও রয়েছে। আসিফ ওই কিশোরীকে ভাতিজি বলে ডাকেন। তাদের মধ্যে কোনো অনৈতিক সম্পর্ক নেই। এ ঘটনায় মেয়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে জড়িতদের শাস্তি দাবি করেছেন পরিবারের সদস্যরা।
কিশোরীর বাবা এশিয়া পোস্টকে বলেন, আমার মেয়েটাকে যখন মারতে মারতে জামাকাপড় ছিঁড়ে ফেলছিল তখন মেয়েটা তাদের পায়ে ধরেছিল। তারপরও ছাড়েনি। এমনভাবে মেরেছে, আমার মেয়েটাকে একেবারে শেষ করে ফেলেছে।
কান্নাজড়িত কণ্ঠে মেয়ের বাবা বলেন, আমি গরিব মানুষ, ভ্যান চালিয়ে খাই। ওসির কাছে যেতে পারিনি। একজন পুলিশের কাছে গিয়েছিলাম, তিনি আমাকে দেখে হাসি-ঠাট্টা করছিলেন। তাই চলে এসেছি। আমি গরিব বলে কি বিচার পাব না?
অভিযোগের বিষয়ে আসিফ বলেন, মেয়েটির সঙ্গে আমি কোনো দিন ফোনেও কথা বলিনি। কেউ প্রমাণ দিতে পারবে না। আমি অনলাইন জুয়া খেলে অনেক টাকা নষ্ট করেছি। পরিবারের খরচও ঠিকমতো দিতে পারি না। তাই হয়তো আমার পরিবারের লোকজন তাকে আমার সঙ্গে সম্পর্কের বিষয়ে সন্দেহ করে মারধর করেছে। আমি ওই মেয়েকে কখনই খারাপ চোখে দেখিনি। সে আমার সম্পর্কে ভাতিজি।
ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফাইজুল্লাহ বিপু জানান, রাতে মেয়েটি হাসপাতালে ভর্তি হয়। ভর্তির সময় তার শরীরের বিভিন্নস্থানে মারধরের চিহ্ন পাওয়া গেছে। নির্যাতনের ঘটনায় সে মানসিকভাবেও ভেঙে পড়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার বলেন, নির্যাতনের ভিডিওটি আমার নজরে এসেছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

