Advertisement

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

এশিয়া পোস্ট নিউজ, গোপালগঞ্জ
গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক। ছবি : এশিয়া পোস্ট

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

Advertisement

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে টেকেরহাট–গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বৌলতলী ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, দুপুর দেড়টার দিকে টেকেরহাট থেকে গোপালগঞ্জগামী ‘সোনালী পরিবহন’ নামের একটি লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা টেকেরহাটগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি উল্টে সড়কের ওপর পড়ে যায়। অন্যদিকে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ট্রাকের চালক ও সহকারী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর বাসের এক যাত্রীর মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোল্লা আফজাল হোসেন বলেন, দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় সড়কের ওপর উল্টে থাকা ট্রাকটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।