মেহেরপুরে মেছো বিড়ালের ৩ শাবক উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের মাঝেরগ্রামের একটি কবরস্থানের পাশ থেকে তিনটি মেছো বিড়ালের শাবক উদ্ধার করেছেন স্থানীয় কয়েকজন যুবক।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কবরস্থানের পাশে কয়েকজন কৃষক শাবকগুলোকে ঘোরাফেরা ও খেলাধুলা করতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় কয়েকজন যুবক সেখানে গিয়ে শাবক তিনটি উদ্ধার করেন।
স্থানীয়দের ধারণা, আশপাশের কোনো ঝোপঝাড় কিংবা গর্ত থেকে বের হয়ে শাবকগুলো কবরস্থানের পাশে চলে এসেছে। এ সময় শাবকগুলোর মা-ও কাছাকাছি কোথাও থাকতে পারে বলে তারা ধারণা করছেন।
বন্যপ্রাণী বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া শাবকগুলোকে অন্যত্র সরিয়ে নেওয়া বা লোকালয়ে ছেড়ে দেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি ইতোমধ্যেই বন বিভাগকে জানানো হয়েছে। কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে পৌঁছালে তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে শাবক উদ্ধারের বিষয়ে বক্তব্য জানতে মেহেরপুর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস টি হামিম হায়দারকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।
