টিকটকে পরিচয়ে স্কুলছাত্রীকে ঢাকায় এনে ধর্ষণ, চীনা নাগরিক গ্রেপ্তার

টিকটকে পরিচয়ের পর ১৪ বছর বয়সি এক স্কুলছাত্রীকে ঢাকায় নিয়ে আটকে রেখে ধর্ষণের অভিযোগে চেন ইয়ং নামের এক চীনা নাগরিককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দোলন বিশ্বাস এ আদেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় ওই শিক্ষার্থী। পরদিন তার বাবা মানিকগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের ছয় দিন পর গত সোমবার রাতে বড় বোনকে ফোন করে ওই শিক্ষার্থী জানায়, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়েছিল। পরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে মানিকগঞ্জের একটি রেস্তোরাঁ থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করে সে।
পরে ওই শিক্ষার্থীর বড় বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসায় অভিযান চালায় মানিকগঞ্জ সদর থানা-পুলিশ। সেখান থেকে শিক্ষার্থীকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চীনা পাসপোর্ট ও দুটি মুঠোফোনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
এ ঘটনায় চেন ইয়ংকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন ওই শিক্ষার্থীর বাবা।
মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) জুলুস খান বলেন, শিক্ষার্থী নিখোঁজের পর থেকেই পুলিশ তদন্ত শুরু করে। পরে তার বড় বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার উত্তরা থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার চেন ইয়ংকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


