logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় তিন বছর বয়সি এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অন্তর মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে কেন্দুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণচেষ্টার মামলা করেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

Advertisement

পুলিশ, ভুক্তভোগী শিশুটির পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বলাইশিমুল ইউনিয়নে গত রোববার দুপুরে শিশুটি বাড়ির সামনে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী অন্তর মিয়া তাকে ডেকে নিজের ঘরে নিয়ে যান। ঘরে কেউ না থাকার সুযোগে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

এদিকে শিশুটির মা দুপুরের খাবার খাওয়ানোর জন্য তাকে খুঁজতে গিয়ে ডাকাডাকি শুরু করেন। মায়ের ডাক শুনে অভিযুক্ত শিশুটিকে ছেড়ে পালিয়ে যান। পরে কান্না করতে করতে ঘর থেকে বেরিয়ে শিশুটি তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা মাকে জানায়। বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন অভিযুক্তকে খুঁজতে থাকেন।

পরে বিকেলে পাশের একটি বাজারে স্থানীয় লোকজন অন্তর মিয়াকে দেখতে পেয়ে আটক করেন। এ সময় তাকে মারধর করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

সোমবার রাত পৌনে ১১টার দিকে শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফজলুল হক বলেন, আমরা প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছি। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সকালে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কেন্দুয়া থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান আছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে। সেখানে শিশুটির জবানবন্দি গ্রহণ করা হবে।