মুন্সীগঞ্জে সংঘর্ষের ঘটনায় নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনায় মেঘনার শাখা নদীতে নিখোঁজ মো. আলমগীর হোসেনের (৪৬) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুজনে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৭টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের চৈতারচর এলাকায় মেঘনার শাখা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আলমগীর হোসেন সদর উপজেলার চরডুমুরিয়া গ্রামের নান্নু মিয়ার ছেলে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৬ নভেম্বর সকালে নদী সাঁতরে তীরে ওঠার সময় নিখোঁজ হন আলমগীর হোসেন। খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। ২৬ ও ২৭ নভেম্বর টানা দুদিন নদীতে তল্লাশি চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে ডুবুরি দল পুনরায় উদ্ধার অভিযানের প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয় লোকজন নদীতে একটি মরদেহ ভেসে ওঠার খবর দেন। পরে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
গত ২৬ নভেম্বর মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া ও সামারচর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই দিন সংঘর্ষে সেলিম নামে একজন নিহত হন। নদীতে নিখোঁজ আলমগীর হোসেনের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে এ ঘটনায় মোট দুজনের মৃত্যু হলো।

