মোটরসাইকেলে ছিলেন দুই বন্ধু, বাসচাপায় গেল একজনের প্রাণ

নড়াইলের লোহাগড়া উপজেলায় বাসচাপায় মোহাম্মদ সাব্বির হোসেন নামে মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তার বন্ধু সৈকত গাজী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে) বিকেল তিনটার দিকে উপজেলায় কালনা-নড়াইল-যশোর জাতীয় মহাসড়কের লোহাগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাব্বির হোসেন যশোরের অভয়নগর উপজেলার দিঘলিয়া গ্রামের বাবুল গাজীর ছেলে। আহত সৈকত গাজী একই এলাকার রিপন গাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাব্বির ও তার বন্ধু মোটরসাইকেলে নড়াইলের দিকে যাচ্ছিলেন। অপরদিকে রোজিনা পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে লোহাগড়া এলাকায় মোটরসাইকেলটিকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই সাব্বির হোসেন মারা যার। আহত হন সৈকত গাজী। স্থানীয়রা সৈকতকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন।
এ বিষয়ে লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) বিজন কুমার সরকার বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
