logo
Advertisement

চট্টগ্রামে ৩ দিন পর অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
চট্টগ্রাম, চট্টগ্রাম
চট্টগ্রামে ৩ দিন পর অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮
ব্যবসায়ী অপহরণের ঘটনায় জড়িত মূলহোতাসহ গ্রেপ্তার আটজন। ছবি: এশিয়া পোস্ট

চট্টগ্রাম নগরী থেকে অপহরণের তিন দিন পর ব্যবসায়ী হেলাল উদ্দিনকে মিরসরাইয়ের মহামায়্যা লেকের পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মূলহোতাসহ চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন— মো. শান্ত মিয়া (৩২), আমজাদ হোসেন (৩৫), মানিক হোসেন (৩০), মো. আবুল হাশেম (৫২), মো. আকরাম (৩৪), মো. মঈন উদ্দিন রায়হান (২৯), মাহবুব রহমান (২৬) ও মো. ফারুক (৩৪)।

পুলিশ জানায়, ৪ লাখ ৬৯ হাজার টাকার ব্যবসায়িক পাওনা নিয়ে বিরোধের জেরে গত ৭ সেপ্টেম্বর বিকেলে নগরীর শুলকবহর এলাকা থেকে হেলাল উদ্দিনকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায় এক সংঘবদ্ধ চক্র। পরদিন তার স্ত্রীর কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়; অন্যথায় তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী পাঁচলাইশ থানায় মামলা করেন।

পরবর্তীকালে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রথমে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যে মিরসরাইয়ের মহামায়্যা লেক এলাকার বন বিভাগের একটি পরিত্যক্ত কটেজ থেকে হেলাল উদ্দিনকে উদ্ধার করা হয় এবং চক্রের বাকি পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার আবুল হাশেম ও আকরাম ভুক্তভোগী হেলাল উদ্দিনের ব্যবসায়িক অংশীদার। পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে তারা শান্ত মিয়াকে এক লাখ টাকায় ভাড়া করেন। পরে সহযোগীদের নিয়ে এ অপহরণের ঘটনা ঘটানো হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন।

সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান, বুধবার নগরীর আকবরশাহ, পাঁচলাইশ ও মিরসরাই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী হেলাল শুলকবহর এলাকায় একটি গাড়ির গ্যারেজ পরিচালনা করেন। অংশীদার আবুল হাশেম এ ব্যবসায় ৯ লাখ ৩০ হাজার টাকা বিনিয়োগ করেছিলেন। এর মধ্যে হেলাল ৪ লাখ ৬১ হাজার টাকা পরিশোধ করলেও বাকি টাকা নিয়ে বিরোধ তৈরি হয়, যা থেকে এ অপহরণের ঘটনা ঘটে।