ঢাকায় চিকিৎসা শেষে বাড়ি ফেরা হলো না আতাহারের

জয়পুরহাটের আক্কেলপুরে একটি রেলসেতুর ওপর থেকে আতাহার আলী (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (১০ অক্টোবর) ভোরে আক্কেলপুর মহিলা কলেজের দক্ষিণ পাশে ২৭৬ নম্বর রেলসেতুতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।
নিহত আতাহার আলী আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের কানুপুর গ্রামের মৃত দশরত মিয়ার ছেলে। তিনি গ্রামের বাড়িতে স্ত্রীকে নিয়ে থাকতেন। তার পরিবারের অন্য সদস্যরা ঢাকায় বসবাস করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে প্রাতর্ভ্রমণে বের হওয়া কয়েকজন ব্যক্তি রেলসেতুর ওপর মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে তারা আক্কেলপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষকে বিষয়টি জানান।
স্থানীয় বাসিন্দা আব্দুল মোমিন বলেন, ভোরে হাঁটতে বের হয়ে তিনি রেলসেতুর ওপর বৃদ্ধের মরদেহ দেখতে পান। রাতে কোনো একসময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।
নিহতের প্রতিবেশী রতন চন্দ্র বলেন, কয়েক দিন আগে চিকিৎসার জন্য আতাহার আলী তার ছেলে-মেয়ের কাছে ঢাকায় গিয়েছিলেন। বাড়ি ফেরার কথা জানিয়ে তার মেয়ে ফোনে তাকে বিষয়টি জানিয়েছিলেন। আতাহার আলী বাড়ির চাবিও তার কাছে রেখে গিয়েছিলেন। আক্কেলপুর স্টেশনে নেমে রেললাইন ধরে বাড়ি ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারেন।
আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার আবু সাঈদ বলেন, শনিবার ভোর ৫টা ২০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আপ দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি আক্কেলপুর স্টেশন ছেড়ে যায়। ওই ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু হয়ে থাকতে পারে বলে তিনি জানান।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
