খুলনায় পিস্তল-গুলি ও ককটেলসহ গ্রেপ্তার ৩

খুলনার রূপসা সেতুর উত্তর পাশে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে পালানোর সময় তিনজনকে গ্রেপ্তার করেছে লবণচরা থানা-পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের কাছ থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও তিনটি বোমাসদৃশ ককটেল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন আল আমিন (২৩), রনি মোল্লা ওরফে কসাই রনি (২৮) এবং স্বরন জোমাদ্দার ওরফে সজল জোমাদ্দার (২৬)। আল আমিন লবণচরা থানার মাথাভাঙ্গা জুট মিল এলাকার বাসিন্দা, রনি মোল্লার স্থায়ী ঠিকানা রূপসা উপজেলার বাগমারা এলাকায় এবং স্বরন জোমাদ্দারের বাড়ি লবণচরা এলাকায়।
পুলিশ জানায়, রূপসা সেতুর উত্তর পাশে নদীর ঘাটে ব্যক্তি মালিকানাধীন একটি সিমেন্ট আনলোডের ঘাট রয়েছে। ঘাটটির মালিক ইউনুস আলী। তার অভিযোগ, স্থানীয় ‘বি-কোম্পানি’ ও ‘নুর আজিম বাহিনী’র সদস্য পরিচয়ে কয়েকজন বিভিন্ন সময় তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। এ নিয়ে তাকে ভয়ভীতিও দেখানো হচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঘাটে সিমেন্ট আনলোডের কাজ বন্ধ ছিল।
পুলিশের ভাষ্য, ওই অভিযোগের ভিত্তিতে সত্যতা যাচাইয়ে অভিযানে নামা হয়। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে রূপসা সেতুর উত্তর পাশে জালাল আহমেদের তুষ-কুড়ার মিলের সামনের ফাঁকা জায়গায় পুলিশের একটি দল পৌঁছায়। এ সময় হেলমেট, মাস্ক ও গামছা দিয়ে মুখ ঢাকা অবস্থায় তিনজনকে মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করতে দেখে পুলিশ।
পরে পুলিশ ধাওয়া করে তাদের গ্রেপ্তার করে। তল্লাশি চালিয়ে একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও তিনটি বোমাসদৃশ ককটেল উদ্ধার এবং ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
