logo

হান্নান মাসউদের জন্য ফেরি ছাড়তে দেরি, যাত্রীদের ভোগান্তি

হান্নান মাসউদের জন্য ফেরি ছাড়তে দেরি, যাত্রীদের ভোগান্তি
ফেরিতে আবদুল হান্নান মাসউদ। ছবি: এশিয়া পোস্ট

নোয়াখালী-৬ আসনের (হাতিয়া) সংসদ সদস্য (এমপি) আবদুল হান্নান মাসউদের জন্য নির্দিষ্ট সময়ের চেয়ে প্রায় দুই ঘণ্টা দেরিতে ফেরি ছাড়ার অভিযোগ উঠেছে।

রোববার (৩১ মে) রাতে হাতিয়ার নলচিরা ঘাটে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হাতিয়ার চেয়ারম্যারঘাট-নলচিরা রুটের ফেরি মহানন্দা গতকাল বিকেল সোয়া ৪টায় হরণী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট থেকে ছেড়ে এসে বিকেল ৫টা ৪৫ মিনিটে হাতিয়ার নলচিরা ঘাটে পৌঁছায়।

নিয়ম অনুযায়ী, ফেরিতে যাত্রী, যানবাহন ও পণ্য ওঠানামায় সর্বোচ্চ সোয়া এক ঘণ্টা সময় লাগে। সেই হিসাবে সন্ধ্যা ৭টার দিকে ফেরিটি পুনরায় চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে ফেরিটি ছেড়েছে নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা দেরিতে, রাত ৯টায়।

একরামুল হক নামের এক যাত্রী বলেন, ফেরি পারাপারের জন্য বিকেল থেকে মোটরসাইকেলসহ বিভিন্ন গাড়ি বুকিং নেওয়া হয়েছে। কিন্তু ঘাটে পৌঁছে ফেরিটি খালি করার পর সেটিতে বুকিং নেওয়া যানবাহন উঠতে দেওয়া হচ্ছিল না। দীর্ঘ সময় ধরে না ছাড়ার কারণে ফেরিতে থাকা মানুষ ভোগান্তিতে পড়েন। ভ্যাপসা গরমের কারণে নারী ও শিশুদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

কয়েকজন যাত্রী অভিযোগ করেন, যথাসময়ে ফেরি না ছাড়ার কারণে তারা চেয়ারম্যান ঘাট, সোনাপুর বা জেলা শহর মাইজদী গিয়ে ঢাকাগামী রাতের বাস ধরতে পারেননি। ফলে অনেককেই রাতে বাস কাউন্টারে বসে সময় কাটাতে হয়।

কোহিনুর নামে ফেরির এক যাত্রী বলেন, রাত ১০টায় জেলা শহরে গিয়ে ঢাকার গাড়ি ধরার কথা ছিল, ফেরি বিলম্বের জন্য সেটি আর পারিনি। নিরুপায় হয়ে জেলা শহরের হোটেলে ছিলাম। একটা দিন চলে গেল।

তিনি বলেন, ফেরি কেন ছাড়া হচ্ছে না, তা ফেরির মাস্টারের কাছে জানতে চেয়েছিলাম। তিনি উত্তর দিলেন এমপি সাহেব আসবেন, তারপর ফেরি ছাড়া হবে। এ সময় ফেরিতে কয়েকশ মানুষকে গরমে হাঁসফাস করছিল।’

ফেরির মাস্টার মোজাম্মেল হক বলেন, বিকেল ৫টা ৪০ মিনিটে ফেরিটি নলচিরা ঘাটে পৌঁছায়। আনলোড ও লোডে সাধারণত ৪০ মিনিট করে সময় লাগে। কিন্তু আমাদের আগেভাগেই জানানো হয়েছিল এমপি আসবেন, তাই ফেরি ছাড়তে একটু দেরি হবে। এই কারণে আমরা শুরুতে গাড়িগুলো ওঠাতে দিইনি। এতে যাত্রীরা উত্তেজিত হয়ে ওঠেন। পরে রাত ৮টার পর আমরা চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে রওনা দিই। ফেরি ছাড়তে স্বাভাবিক সময়ের তুলনায় পৌনে এক ঘণ্টার মতো দেরি হয়েছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেন, একটি স্বার্থান্বেষী মহল ও অসাধু সিন্ডিকেট পরিকল্পিতভাবে ঘাটে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছে। ওই চক্রটি মোটরসাইকেল, ট্রাক, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন ফেরিতে না তুলে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড় করিয়ে রাখে। এর ফলে ঘাটসংলগ্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। তিনি নিজেই যানজট নিরসন করেছেন। গতকালও একইভাবে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে ফেলে বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে। এর উদ্দেশ্য তাকে রাজনৈতিকভাবে হেয় এবং ব্যর্থ প্রমাণ করা।

নির্দিষ্ট সময়েই ফেরিঘাটে পৌঁছেছেন বলে দাবি করেন হান্নান মাসউদ। তিনি বলেন, তাকেও ঘাটে পৌঁছানোর পর প্রায় ৪৫ মিনিট অপেক্ষা করতে হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে বিষয়টি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।