মোটরসাইকেলে এসে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

বরিশালের উজিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ের সিঁড়িতে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার বাসস্ট্যান্ডসংলগ্ন শাখায় এ ঘটনা ঘটে। এতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর পাঁচটার দিকে মোটরসাইকেলে তিন ব্যক্তি গ্রামীণ ব্যাংকের সানুহার শাখা কার্যালয়ের সামনে আসেন। পরে তারা কাচের বোতলে তৈরি তিনটি পেট্রোল বোমা কার্যালয়ের সিঁড়িতে নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটান এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
খবর পেয়ে উজিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। তবে তাৎক্ষণিকভাবে হামলাকারীদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, দেশের বিভিন্ন স্থানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ঘিরে চলমান নিরাপত্তা উদ্বেগের মধ্যেই উজিরপুরেও গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয় দুর্বৃত্তদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। উপজেলার গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা ব্যাংক শাখাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং উপজেলার সব ব্যাংক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

