ভোলায় ২১৮ বস্তা সার জব্দ, সরকারি দরে বিক্রি

অবৈধভাবে পাচারের অভিযোগে জব্দ করা ২১৮ বস্তা সার সরকারি নির্ধারিত দামে কৃষকদের কাছে বিক্রি করেছে প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত ও কৃষি বিভাগের তত্ত্বাবধানে রোববার এসব সার বিক্রি করা হয়। এতে নির্ধারিত দামে সার কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় কৃষকেরা।
রোববার (২২ নভেম্বর) সকালে ভোলার ইলিশা এলাকার পূর্ব ইলিশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর ইলিশা গ্রামের দারগার খাল এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, জব্দ করা সারের মধ্যে ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) ও এমওপি (মিউরেট অব পটাশ) সার রয়েছে। সরকারি নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি বস্তা ডিএপি সার ১ হাজার টাকা এবং এমওপি সার ৯৫০ টাকা দরে বিক্রি করা হয়। কৃষকদের মধ্যে নির্ধারিত পরিমাণে এসব সার বিতরণ করা হয়। এ সময় ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, অবৈধভাবে পাচারের সময় জব্দ করা সারগুলো সরকারি নির্ধারিত দামে প্রকৃত কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে। বিক্রির অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।
এদিকে সরকারি নির্ধারিত দামে জব্দ করা সার কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকেরা। তারা জানান, ডিলারদের সিন্ডিকেট ও বাজারে কৃত্রিম সংকটের কারণে অনেক সময় সরকারি দামের চেয়ে বেশি দামে সার কিনতে হয়। আবার বেশি দাম দিয়েও প্রয়োজনের সময় সার পাওয়া যায় না। এতে ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয় তাদের। এমন পরিস্থিতিতে জব্দ করা সার সরকারি দামে কিনতে পেরে কিছুটা আর্থিক সাশ্রয় হয়েছে।
এর আগে, গত ৩ নভেম্বর ভোলার ইলিশা এলাকায় নদীপথে সার পাচারের সন্দেহে স্থানীয়রা ২৯০ বস্তা সার আটক করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার দাশ। এ ঘটনায় সারগুলো উদ্ধারের পাশাপাশি স্থানীয় একটি গুদামও সিলগালা করা হয়।
পরবর্তী সময়ে তদন্তে ৮০ বস্তা সারের বৈধ কাগজপত্র পাওয়া যায়। স্থানীয় কৃষক রফিক ক্রয়ের স্লিপ দেখাতে পারায় ওই সারগুলো বৈধ ঘোষণা করা হয়। তবে বাকি ২১৮ বস্তা সারের মালিকানা ও বৈধতার প্রমাণ না পাওয়ায় সেগুলো জব্দ করা হয়।






