বাবা-মায়ের সঙ্গে পূজা দেখতে যাচ্ছিল দুই শিশু, পথে গেল প্রাণ

যশোরের ঝিকরগাছায় বাবা-মায়ের সঙ্গে দুর্গাপূজা দেখতে বেরিয়ে যাত্রীবাহী ভ্যান ও গরুবোঝাই নসিমনের সংঘর্ষে প্রাণ হারিয়েছে দুই ভাইবোন। এতে নসিমনের চালক ও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকার কাউন্সিল রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো ঝিকরগাছা উপজেলার মিশ্রীদেয়াড়া গ্রামের সাধন কুমারের ছেলে শোভন (১০) ও মেয়ে দিশা (৩)। তাদের বাবা সাধন কুমার যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে দুর্গাপূজামণ্ডপ দেখতে বাড়ি থেকে বের হন সাধন কুমার। পথে ফুলতলা এলাকায় পৌঁছালে যাত্রীবাহী ভ্যানের সঙ্গে গরুবোঝাই নসিমনের সংঘর্ষ হয়। এতে দুই শিশু গুরুতর আহত হয়। পরে তাদের মৃত্যু হয়।
একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছে পরিবারটি। পূজা দেখতে যাওয়ার পথে এমন মর্মান্তিক দুর্ঘটনায় স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, নিহত দুই শিশুর মরদেহ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

