যান্ত্রিক ত্রুটি/২২ ঘণ্টা পর সিলেট থেকে জেদ্দা গেল বিমানের ফ্লাইট

যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ২২ ঘণ্টা পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে উড্ডয়ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টা ১০ মিনিটে ৩১৯ জন যাত্রী নিয়ে বোয়িং ৭৭৭ মডেলের (ফ্লাইট বিজি-২৩৫) বিমানটি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। সেখান থেকে আরও যাত্রী নিয়ে ফ্লাইটটি জেদ্দার পথে যাত্রা করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।
এর আগে, সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে সিলেট থেকে জেদ্দার উদ্দেশ্যে উড্ডয়নের প্রস্তুতি নিয়ে রানওয়েতে যায় ফ্লাইটটি। তবে রানওয়েতেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় পাইলট বিমানটি ট্যাক্সিওয়েতে ফিরিয়ে আনেন। এরপর থেকে ওসমানী বিমানবন্দরেই ত্রুটিযুক্ত বিমানটির মেরামতের কাজ চলছিল। সিলেট ও ঢাকা থেকে আসা প্রকৌশলীদের যৌথ প্রচেষ্টায় দীর্ঘ সময় পর বিমানটি চলাচলের উপযোগী হয়।
এদিকে দীর্ঘ ২২ ঘণ্টা বিমানবন্দরে আটকে থাকায় ফ্লাইটের ৪১৯ জন যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। যাত্রীদের বড় একটি অংশই ছিলেন ওমরাহযাত্রী। সোমবার রাতে আটকে পড়া যাত্রীদের নগরীর বিভিন্ন হোটেলে থাকার ব্যবস্থা করা হলেও নিম্নমানের খাবার সরবরাহসহ নানা অব্যবস্থাপনার অভিযোগ তোলেন তারা। এ নিয়ে বিমানের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যাত্রীদের বাগ্বিতণ্ডার ঘটনাও ঘটে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, যান্ত্রিক ত্রুটি পুরোপুরি নিরসন হওয়ার পর মঙ্গলবার বিকেল ৫টা ১০ মিনিটে বিমানটি নিরাপদে ঢাকা হয়ে জেদ্দার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করে।
