Advertisement

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, সিলেট
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৯ জন।

Advertisement

শুক্রবার (১৪ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট আঞ্চলিক কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এ নিয়ে বিভাগে এই রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ জনে।

প্রতিবেদন অনুযায়ী, এ পর্যন্ত মারা যাওয়া ১৩৩ জনের মধ্যে সিলেটের ৪৮ জন, সুনামগঞ্জের ৫৫ জন, মৌলভীবাজারের ১৩ জন ও হবিগঞ্জের ১৭ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৪২ জনে।

একই সময়ে উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হওয়া ১১৯ জনের মধ্যে সিলেট নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৮ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৭ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৩ জন ও রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন ভর্তি হয়েছেন। বাকিরা সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২৮০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, আক্রান্তদের প্রায় ৯৫ শতাংশই অসচেতনতা ও কুসংস্কারের কারণে টিকার বাইরে ছিল। এ ছাড়া সিলেটের সীমান্তবর্তী এলাকা এবং সুনামগঞ্জের হাওরাঞ্চলে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা না পৌঁছানোয় এসব অঞ্চলে আক্রান্ত ও মৃত্যুর হার তুলনামূলক বেশি।

বিষয় :