গত মৌসুমের লোকসান না কাটতেই বৃষ্টির ধাক্কা, বিপাকে কৃষকেরা

একদিকে গত মৌসুমের লোকসান, অন্যদিকে নতুন মৌসুমের শুরুতেই টানা বৃষ্টির ধাক্কা। কয়েক দিনের বৃষ্টিতে শরীয়তপুরের রসুন ও পেঁয়াজ চাষিদের কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ। জমিতে জমে থাকা পানিতে পচে যাচ্ছে সদ্য রোপণ করা বীজ ও চারা। কোথাও সেচপাম্প বসিয়ে পানি সরানোর চেষ্টা করছেন কৃষকেরা, আবার কোথাও নষ্ট হয়ে যাওয়া ফসলের দিকে তাকিয়ে হতাশায় দিন কাটছে তাদের।
কৃষি বিভাগের প্রাথমিক হিসাবে টানা বৃষ্টিতে জেলার ১৪২ হেক্টর জমির বিভিন্ন ফসল আক্রান্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ও কৃষকদের তালিকা তৈরির কাজ চলছে। ক্ষতি কাটিয়ে নতুন করে আবাদে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন কৃষকেরা।
সরেজমিনে শরীয়তপুরের নড়িয়া ও জাজিরা উপজেলার বিভিন্ন এলাকার ফসলের মাঠ ঘুরে দেখা যায়, বৃষ্টির পানিতে অনেক জমি জলমগ্ন হয়ে আছে। পানির নিচে তলিয়ে রয়েছে রসুন ও পেঁয়াজের ক্ষেত। কোথাও গাছের গোড়া পচে হলুদ হয়ে যাচ্ছে, আবার কোথাও মাটিতে লুটিয়ে পড়েছে সদ্য গজানো চারা। জমি থেকে পানি সরাতে সেচপাম্প বসিয়ে কাজ করছেন কৃষকেরা। তবে পানি নিষ্কাশনের চেষ্টা করেও অনেক জমির ফসল রক্ষা করা যাচ্ছে না।
কৃষকেরা জানান, গত মৌসুমে রসুন ও পেঁয়াজের দাম কম থাকায় উৎপাদন খরচও তুলতে পারেননি অনেকে। সেই লোকসান কাটিয়ে ওঠার আশায় এবার আগাম আবাদ করেছিলেন তারা। কিন্তু টানা বৃষ্টিতে জমিতে পানি জমে নতুন করে ক্ষতির মুখে পড়েছেন। শুধু উৎপাদিত ফসলই নয়, নতুন করে আবাদ করতে হলেও প্রয়োজন হবে বীজ, সার ও জমি প্রস্তুতের অতিরিক্ত খরচ।
নড়িয়ার মীরবহর কান্দি এলাকার কৃষক সমেদ মিয়া চলতি বছর ১৬০ শতাংশ জমিতে রসুনের আবাদ করেছেন। এতে তার খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা। টানা বৃষ্টিতে ৪০ শতাংশ জমি ভালো থাকলেও বাকি ১২০ শতাংশ জমি পানির নিচে তলিয়ে গেছে।
সমেদ মিয়া বলেন, এক কানি (১৬০ শতাংশ) জমির গন্ডা পাঁচেক (৪০ শতাংশ) জমি শুধু টিকে আছে। বাকি সব পানিতে নষ্ট হয়ে গেছে। এক লাখ টাকার সবই ধার করে রসুন আবাদ করেছি। এখন আমাগো কোনো গতি নাই। সরকার যদি আমাদের সহযোগিতা করে, তাহলে অনেক উপকার হবে।
জমিতে জমে থাকা পানি নিষ্কাশনের জন্য পাম্প বসিয়েছেন পাশের ডগ্রি এলাকার কৃষক আহম্মদ খাঁ। এক সপ্তাহ আগে তিনি দুই বিঘা জমিতে রসুনের আবাদ করেছিলেন। টানা বৃষ্টিতে তার পুরো আবাদ এখন পানির নিচে। পানি কমলে কিছু রসুন টিকে যাওয়ার আশা করছেন তিনি।
আহম্মদ খাঁ বলেন, এইবার আমাগো অনেক বড় ক্ষতি হইলো। গতবার রসুন আবাদ করে খরচও ওঠে নাই। এইবার আশা কইরা লাগাইছিলাম, এমন ক্ষতি হইবো ভাবতে পারি নাই। আমাগো আশা, কৃষি বিভাগ যেন আমাগো বিনামূল্যে নতুন করে বীজ আর সার দেয়।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে শরীয়তপুর জেলায় ৪ হাজার ৭০৬ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে মুড়িকাটা পেঁয়াজ ৪ হাজার ৩৫০ হেক্টর, হালি পেঁয়াজ ৩৫০ হেক্টর এবং বীজ উৎপাদনের জন্য ৬ হেক্টর জমি নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ৫ হাজার ২৫০ হেক্টর জমিতে রসুন আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে।
তবে টানা বৃষ্টিতে রসুন-পেঁয়াজের পাশাপাশি সরিষা ও বিভিন্ন ধরনের সবজির ক্ষেতও ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাথমিক হিসাবে বৃষ্টিতে জেলার ১৪২ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ও কৃষকদের তালিকা তৈরির কাজ চলছে। ক্ষয়ক্ষতির তথ্য পর্যালোচনা করে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহীদুল আলম বলেন, টানা বৃষ্টিপাতে শরীয়তপুরের বেশকিছু ফসলিজমি বিশেষ করে রসুন, পেঁয়াজ, সরিষা ও সবজির ক্ষেত আক্রান্ত হয়েছে। আবহাওয়া ভালো হলে কিছু জমির ফসল টিকে যাবে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা আমাদের সঙ্গে যোগাযোগ করলে অধিদপ্তরের সঙ্গে কথা বলে তাদের প্রণোদনার আওতায় আনার চেষ্টা করা হবে।


