logo
Advertisement

কুমিল্লায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,কুমিল্লা
কুমিল্লায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
বাসচাপায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা। ছবি : এশিয়া পোস্ট

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় রতনপুর এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বারপাড়া ইউনিয়নের রতনপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ওসি মোহাম্মদ ওসমান গনী দুর্ঘটনার তথ্যটি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে একটি অটোরিকশা যাত্রী নিয়ে চলাচল করছিল। এ সময় দ্রুতগতির শাহ আলী নামক একটি বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং আরও একজন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ ওসমান গনী জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের ধারণা, নিহত তিনজনই দিনমজুর এবং তাদের বাড়ি রংপুর অঞ্চলে হতে পারে। তারা কাজের উদ্দেশ্যে এ এলাকায় এসেছিলেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।