logo

বিএনপি নেতার মৃত্যুতে ২ দিনের শোক ঘোষণা

বিএনপি নেতার মৃত্যুতে ২ দিনের শোক ঘোষণা
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইসরাইল হোসেন জীবন। ছবি : এশিয়া পোস্ট

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ইসরাইল হোসেন জীবন (৫৮) আর নেই। ঢাকায় বেড়াতে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) বাদ জোহর কালীগঞ্জ সরকারি ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় ঈদগাহ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজ গ্রাম খামারমুন্দিয়ায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, আগের দিন তিনি ঢাকায় গিয়ে রাজনৈতিক সহকর্মী বাহারুল ইসলাম কাজলের বাসায় ওঠেন। রাত দুইটার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অবিবাহিত এই নেতা মৃত্যুকালে দুই ভাইসহ অসংখ্য আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

ইসরাইল হোসেন কালীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে একজন পরিচিত মুখ ছিলেন। তিনি ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। তার আকস্মিক মৃত্যুতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের জানাজায় অংশ নেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর থানা বিএনপির সভাপতি কামাল আরাদ পান্নু, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, ডা. নুরুল ইসলাম ও ইলিয়াস রহমান মিঠুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

এদিকে ইসরাইল হোসেনের মৃত্যুতে কালীগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে দুই দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।