
রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সোয়া ১টার দিকে নগরীর জাদুঘর মোড় এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশাপাশি গুলিবর্ষণের অভিযোগও উঠেছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজপাড়া থানা এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা শাহিনুরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের দুপক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে জাদুঘর মোড়ে দুপক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সংঘর্ষ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের নেতাকর্মীদের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়। এক পক্ষ অন্য পক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় কয়েক দফা ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। গুলিবর্ষণের অভিযোগও পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। পরে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক লিমন অভিযোগ করেন, ছাত্রলীগ নেতা শাহিনুরকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার পর তারা জাদুঘর মোড়ে গেলে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্নার নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়।
লিমন বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্দেশনায় দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে এ হামলা চালানো হয়েছে। পরে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীও সংঘর্ষে যুক্ত হন। তারা গুলিবর্ষণের পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটান।
তবে এসব অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা সাফায়েত হোসেন মান্নার বক্তব্য পাওয়া যায়নি।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র (ডিসি) গাজিউর রহমান জানান, ওই এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

