logo

আগুন দিয়ে কোথায় যাবেন, আপনাদের পরিবার এই ভূখণ্ডেই থাকে: মশিউর রহমান

আগুন দিয়ে কোথায় যাবেন, আপনাদের পরিবার এই ভূখণ্ডেই থাকে: মশিউর রহমান
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব। ছবি: এশিয়া পোস্ট

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, সবাইকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। তাই কখনও আওয়ামী লীগকে বিশ্বাস করা যাবে না। তাদের চরিত্র সাপের মতো। সাপের পিঠে বাড়ি দিয়ে ছেড়ে দিলে যেমন দংশনের শিকার হতে হয়, তেমনি এই পলাতক পতিত ফ্যাসিস্টরা পিঠে বাড়ি খাওয়া সাপের মতো, যারা এখনো মরেনি। তাদের ছেড়ে দিলে দংশন খেতে হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ফেনী জেলা ছাত্রদল আয়োজিত দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।

Advertisement

মশিউর রহমান আরও বলেন, আওয়ামী কুশীলবদের সাবধান করছি, সতর্ক হয়ে যান। বাংলাদেশের মানুষ যদি আরেকবার ফুঁসে ওঠে, তাহলে এই মাটিতে আপনাদের কবর রচনা করার জায়গাও খুঁজে পাবেন না। বাড়ি বাড়ি আগুন দিচ্ছেন- আপনাদেরও বাড়ি আছে, আগুন দিয়ে পালিয়ে কোথায় যাবেন? আপনাদের পরিবার-পরিজন এই ভূখণ্ডে বাস করে। বাংলাদেশের মানুষ ক্ষেপে উঠলে তাদের এই ভূখণ্ডে রাখতে পারবেন না। আপনাদের বাড়িঘর ছাই করে দিতে পারে এ দেশের মানুষ। বাংলাদেশের মানুষ আবার যদি সেই ২৪-এর উত্তেজনা নিয়ে রাস্তায় নেমে আসে, তাহলে এসব রক্ষা করতে পারবেন না।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ বারবার প্রমাণ করেছে, তারা এ দেশের মাটি রক্ষা করতে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং শৃঙ্খলার জন্য জীবন বাজি রেখে লড়াই করতে জানে। তারা যুদ্ধ করেছে, ১৯৭১ সালে জীবন দিয়ে লড়াই করে দেশ স্বাধীন করেছে। ১৯৯০ সালে সংগ্রাম করেছে, ২০২৪ সালে জীবন দিয়েছে। এই বাংলার মাটিতে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার বিএনপি পালন করবে, ইনশাআল্লাহ।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই সদস্য বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করব, শুধুমাত্র দুষ্টদের দমন করব, বাকি সবার বাংলাদেশ। কিন্তু আওয়ামী লীগ তা মানেনি, সেই অঙ্গীকার রক্ষা করেনি। তারা আজ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এরপরও আমাদের ধৈর্য, মহত্ত্ব ও নেতৃত্বের মহৎ গুণাবলির কারণে তাদের কিছু দুষ্ট লোক বিভিন্ন ছদ্মবেশে বাংলাদেশে অবস্থান করছে।

তিনি বলেন, এখন দেখা যাচ্ছে, তারা আমাদের সংসদ সদস্য ও নেতাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। এরপর টুঙ্গিপাড়া থানা পুড়িয়ে দিয়েছে। তারা আজ অগ্নিসন্ত্রাস করছে, আমাদের কৃষক দলের নেতাদের হত্যা করেছে। সরকারি স্থাপনায় হামলা করছে এবং বিভিন্ন পরিবহনে অগ্নিসংযোগ করছে। তাদের পালিয়ে যাওয়া শক্তি ও দেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের দোসরদের মাধ্যমে এখন দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং আন্দোলন-সংগ্রাম সংঘটিত করার চেষ্টা করছে। তাই তাদের আর ক্ষমা নেই। আমাদের স্বাধীন ভূখণ্ডের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। আমরা তাদের চিহ্নিত করব এবং রুখে দেব।

বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভুঁইয়া, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, ফেনী জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য শরিফুল ইসলাম রাজিব ও মেজবাহ উদ্দিন মিয়াজি, ফেনী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক নোমানুল হক এবং ফেনী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ জ্যাকি প্রমুখ।