ফেনীর পরশুরামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ

ফেনীর পরশুরামে আব্দুল্লাহ খোন্দকার (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ বাউরখুমা এলাকার বাউরখুমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের নিজ বাড়ি (খোন্দকার বাড়ি) থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি। নিখোঁজ আব্দুল্লাহ খোন্দকার পরশুরাম উপজেলার দক্ষিণ বাউরখুমা এলাকার সিরাজ ও সুলতানা বেগম দম্পতির ছেলে। সে স্থানীয় পরশুরাম ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর সন্ধ্যা গড়িয়ে রাত হলেও আব্দুল্লাহ বাড়িতে ফেরেনি। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনদের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সন্তানের এমন আকস্মিক নিখোঁজে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার।
ছেলেটির মা সুলতানা বেগম এশিয়া পোস্টকে বলেন, আমার ছেলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে বাড়ি ফিরেনি। সকল আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার খবর পাইনি। আমার ছেলেকে খুঁজে পেতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।
ফেনীর পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, ছেলেটি নিখোঁজের বিষয়ে কেউ আমাদের অবগত করেনি। আমরা এ বিষয়ে অবগত নই।
