logo

শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন
বগুড়া জেলা জজ আদালত। ছবি : ফেসবুক থেকে পাওয়া

বগুড়ার কাহালুতে ১৫ বছর বয়সি শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাই মো. আল মোহাইমিনু মেহেদী হাসানকে (২৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও দুই বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

রোববার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মারুফ হোসেন এ রায় ঘোষণা করেন। এ মামলার অপর দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত মেহেদী হাসান আদালতে উপস্থিত ছিলেন। তিনি কাহালু উপজেলার পাইকপাড়া এলাকার মো. নুরুল ইসলামের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুল মান্নান জানান, ২০২৫ সালের ৫ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে কাহালু উপজেলার শিতলাইগ্রামে নিজ বাড়ি থেকে প্রাইভেট পড়তে বের হয় ওই কিশোরী। মামলার অভিযোগ অনুযায়ী, এ সময় পূর্বপরিকল্পিতভাবে মেহেদী হাসান, তার ভাই মো. মামুন মন্ডল (৩৮), ভাগনে মো. রকি (২৬) এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন মিলে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে কিশোরীকে নিয়ে যান। পরে অজ্ঞাত স্থানে নিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে আসামি করা হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত মেহেদী হাসানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। অপর দুই আসামি মামুন মন্ডল ও রকিকে খালাস দেওয়া হয়।

পিপি আব্দুল মান্নান বলেন, এই রায়ে বাদীপক্ষের পরিবার সন্তোষ প্রকাশ করেছে। সমাজে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য রায়টি দৃষ্টান্ত হয়ে থাকবে।