ফুটবল খেলতে গিয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

বরিশালের আগৈলঝাড়ায় ফুটবল খেলার সময় আঘাত পেয়ে আবু সাইদ (১৯) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরের আগে উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমির মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু সাইদ উপজেলার আল জামিয়াতুন নাফিছিয়া আল-ইসলামিয়া (মার্কাজ) মাদ্রাসার কাফিয়া (নবম) বিভাগের ছাত্র ছিলেন। তিনি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জাকির মৃধার ছেলে। পড়াশোনার পাশাপাশি আবু সাইদ স্থানীয় পশ্চিম বাকাল এলাকার একটি জামে মসজিদে দায়িত্ব পালন করতেন।
মাদ্রাসার মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম জানান, শুক্রবার মাদ্রাসার সাপ্তাহিক ছুটি থাকায় আবু সাইদ ভেগাই হালদার পাবলিক একাডেমির মাঠে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলতে যান। খেলায় তিনি গোলরক্ষকের দায়িত্বে ছিলেন। খেলা চলাকালে একপর্যায়ে বল ধরতে গিয়ে তিনি শরীরে মারাত্মক আঘাত পান এবং মাঠে অসুস্থ হয়ে পড়েন। পরে সহখেলোয়াড়েরা তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক বদরুল আলম প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই আবু সাইদের মৃত্যু হয় বলে জানান মাদ্রাসার মুহতামিম।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



