আদালতে মামলা পরিচালনার সময় সাবেক বার সভাপতির মৃত্যু

চাঁদপুর আদালতে মামলা পরিচালনাকালে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী আলহাজ মো. রুহুল আমিন (৯৩)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। দীর্ঘ ৫৪ বছর তিনি চাঁদপুর জেলা বারে সুনামের সঙ্গে আইন পেশায় নিয়োজিত ছিলেন।
পারিবারিক ও আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আদালতে একটি মামলার শুনানি পরিচালনাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রুহুল আমিন। এ সময় সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রবীণ এই আইনজীবী মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের বাসিন্দা ছিলেন। তবে পেশাগত কারণে তিনি দীর্ঘদিন ধরে চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় বসবাস করছিলেন।
পেশাগত জীবনের পাশাপাশি রাজনীতিতেও তিনি দীর্ঘকাল সক্রিয় ছিলেন। রুহুল আমিন অবিভক্ত মতলব উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং পরবর্তী সময়ে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এ ছাড়া চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের একমাত্র ছেলে সুমন বর্তমানে জাপানে অবস্থান করছেন। তিনি দেশে ফেরার পর জানাজা ও দাফনের সময় চূড়ান্ত করা হবে। আপাতত মরদেহ চাঁদপুর বেগম মসজিদের কোল্ড স্টোরেজে (মর্চুয়ারি) রাখা হয়েছে। ছেলে দেশে পৌঁছালে জানাজা শেষে চাঁদপুর বাসস্ট্যান্ডসংলগ্ন পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে।
জ্যেষ্ঠ এই আইনজীবীর আকস্মিক মৃত্যুতে চাঁদপুরের আইন অঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার প্রয়াণে আইনজীবী সমিতি, সহকর্মী ও সুধীজন গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
.png)


