ফেনীতে ব্যাগভর্তি ইটের টুকরোসহ ৪ কলেজশিক্ষার্থী আটক

ফেনীর ফাজিলপুর এলাকায় রেলপথে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় ব্যাগভর্তি ইটের টুকরোসহ চার কলেজশিক্ষার্থীকে আটক করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে ফাজিলপুর রেলস্টেশনের কাছাকাছি রহিমুল্লাহ সাহেবের বাজারসংলগ্ন স্থান থেকে তাদের আটক করে স্থানীয়রা আনসার সদস্যদের কাছে হস্তান্তর করেন। পরে তাদের ফেনী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে রেললাইনের পাশে চারজনকে সন্দেহজনক অবস্থায় দেখতে পান ফেনী সদর উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুল গনি, ফাজিলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব গিয়াস উদ্দিন মাসুদ, সাউথ ইস্ট ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি শাহিদুল আলম রাফি এবং ফাজিলপুর ইউনিয়ন ছাত্রনেতা বায়েজিদ মাহমুদ। এ সময় তাদের সঙ্গে থাকা কলেজ ব্যাগ তল্লাশি করে ছোট-বড় বেশকিছু ইটের টুকরো পাওয়া যায়। পরে তাদের আচরণ সন্দেহজনক মনে হলে আনসার সদস্যদের মাধ্যমে আটক করে পুলিশে দেওয়া হয়।
আটক চারজনই ফেনীর ফাজিলপুর সাউথ ইস্ট ডিগ্রি কলেজের শিক্ষার্থী। তারা হলেন—ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ইমরান (১৭), ফরহাদনগর ইউনিয়নের আবদুল মান্নানের ছেলে মো. শাহেদ (১৮), লেমুয়া ইউনিয়নের টঙ্গিরপাড় গ্রামের মো. শাহাজানের ছেলে মো. শাকিল (১৮) এবং একই ইউনিয়নের রাজনগর গ্রামের ইকরামুল হকের ছেলে মো. মহিন (১৮)।
এ বিষয়ে ফাজিলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব গিয়াস উদ্দিন মাসুদ বলেন, তারা সকাল থেকে রেলের নিরাপত্তায় কাজ করছিলেন। এ সময় কয়েকজন যুবককে সন্দেহ হলে ব্যাগ তল্লাশিকালে রেলে নাশকতার জন্য ছোট ছোট ইটের টুকরো পাওয়া যায়। পরে আনসার সদস্যদের মাধ্যমে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জেলা আনসার কমান্ড্যান্ট মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী ঝুঁকিপূর্ণ রেলপথ ও স্টেশন এলাকায় সাধারণ আনসার ও ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে, পাশাপাশি সীমান্তবর্তী এলাকায়ও টহল জোরদার রয়েছে। রেলপথে দায়িত্ব পালনের সময় সন্দেহজনক অবস্থায় চার কিশোরকে পাওয়া যায় এবং জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তা অসংলগ্ন মনে হলে ব্যাগ তল্লাশি করে ইটের টুকরো উদ্ধার করা হয়। পরে আইনগত ব্যবস্থার জন্য তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, চার কিশোরকে থানায় বুঝে পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।


