logo

যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়েমুচড়ে নিহত ২

যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়েমুচড়ে নিহত ২
দুর্ঘটনা কবলিত ট্রেন ও ইজিবাইক। ছবি: এশিয়া পোস্ট

যশোরের কৃষ্ণবাটি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সদর উপজেলার তফসীডাঙ্গা গ্রামের আজিজুর রহমান (৪০) ও এরশাদ আলী (৪৫)। তারা দুইজনই ইজিবাইকে ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি যশোর হয়ে বেনাপোলের দিকে যাচ্ছিল। দুপুর ২টার দিকে ট্রেনটি কৃষ্ণবাটি এলাকায় একটি অবৈধ রেলক্রসিংয়ে ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। ইজিবাইকে থাকা আজিজুর রহমান ও এরশাদ আলী ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে।

যশোর রেলস্টেশনের জিআরপি পুলিশের এসআই মামুন এশিয়া পোস্টকে জানান, দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার সাইদুজ্জমান এশিয়া পোস্টকে জানান, রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি যশোর থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর অবৈধ রেলক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটেছে।