কবরস্থান থেকে ভারতীয় মোবাইলের ৫ হাজার ডিসপ্লে উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কবরস্থানের জঙ্গলে লুকিয়ে রাখা ৫ হাজার ৫টি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ডিসপ্লেগুলোর বাজারমূল্য ৪ কোটি ৪০ হাজার টাকা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কামালমোড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ডিসপ্লে উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিকেল ৫টার দিকে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীন মুকুন্দপুর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২০০৮/১-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামালমোড়া এলাকায় অভিযান চালায়। এসময় সীমান্তসংলগ্ন একটি কবরস্থানের জঙ্গলে তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা মালিকবিহীন ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লেগুলো উদ্ধার করা হয়।
পরে সেখান থেকে ৫ হাজার ৫টি মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়। জব্দ করা চোরাই পণ্য আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি জানায়, মাদকদ্রব্যের চোরাচালান প্রতিরোধেও তাদের অভিযান অব্যাহত রয়েছে। সম্প্রতি সরাইল ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় ১০ হাজার ৫৫টি ইয়াবা ট্যাবলেট, ১৮৪ কেজি গাঁজা, ৪০৭ বোতল ইস্কফ, ১০১ বোতল বিদেশি মদ ও ২৪ বোতল বিয়ার জব্দ করা হয়েছে।
বিজিবির দেওয়া তথ্য বলছে, গত এক বছরে সরাইল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে মাদকসহ মোট ১১২ কোটি ৩৫ লাখ ৪৫ হাজার ৫৪ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এর মধ্যে অন্যান্য চোরাই পণ্যের মূল্য প্রায় ১০৭ কোটি টাকা। এসব ঘটনায় ২৫ জনকে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ এশিয়া পোস্টকে বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।