logo

৮ ফুটের মানকচুর ওজন ৪০ কেজি

৮ ফুটের মানকচুর ওজন ৪০ কেজি
মাদারীপুর পৌর শহরের চকবাজার এলাকায় প্রদর্শিত প্রায় ৪০ কেজি ওজনের ও ৮ ফুট উচ্চতার বিশাল আকৃতির মানকচু। ছবি : এশিয়া পোস্ট

মাদারীপুর পৌর শহরের চকবাজার এলাকার একটি দোকানের সামনে রাখা হয়েছে প্রায় ৪০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি মানকচু। প্রায় ৮ ফুট উচ্চতার ব্যতিক্রমী এই কচু দেখতে ভিড় করছেন বিভিন্ন বয়সি মানুষ। কেউ ছবি তুলছেন, কেউবা কাছ থেকে দেখে বিস্ময় প্রকাশ করছেন। অনেকের কাছেই এত বড় কচু দেখা জীবনের প্রথম অভিজ্ঞতা।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরের চকবাজার এলাকার সুমন হোটেলসংলগ্ন একটি দোকানের সামনে কচুটিকে ঘিরে মানুষের কৌতূহল দেখা যায়। বিশাল আকৃতির এই মানকচুর খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ সেটি দেখতে আসেন।

কচুটির ক্রেতা লুৎফর হোসেন জানান, কয়েকজন মিলে মাদারীপুর সদর উপজেলার রাস্তি এলাকায় ঘুরতে গিয়ে লস্কর বাড়ির সামনে কচুটি দেখতে পান। এর অস্বাভাবিক বড় আকার দেখে তারা মুগ্ধ হন। পরে কচুটির মালিক সেলিম লস্করের কাছে সেটি কেনার আগ্রহ প্রকাশ করেন। প্রথমে বিক্রি করতে রাজি না হলেও পরে প্রায় দুই হাজার টাকায় কচুটি কিনে নেন তারা। বর্তমানে কচুটির দাম প্রায় পাঁচ হাজার টাকা হাঁকা হচ্ছে বলে জানান তিনি।

লুৎফর হোসেন বলেন, আমার বয়স ৫০ বছরের বেশি। জীবনে এত বড় কচু কখনো দেখিনি। প্রথমবার এমন কচু দেখে লোভ সামলাতে পারিনি। টাকার কথা না ভেবেই কিনে এনেছি। কচুটি নিয়ে আসার পর সন্ধ্যা থেকেই বিভিন্ন এলাকার মানুষ দেখতে আসছেন। বিষয়টি আমার কাছে খুবই ভালো লাগছে।

স্থানীয় বাসিন্দা আক্তার হোসেন বলেন, ঘুরতে গিয়ে কচুটি চোখে পড়ে। এর আকার দেখে খুব ভালো লেগেছে। জীবনে প্রথম এত বড় কচু দেখলাম।

কচুটি দেখতে আসা ৭০ বছর বয়সি হিতেনবালা বলেন, জীবনের এতগুলো বছরেও এত বড় কচু দেখিনি। এটি দেখে খুব ভালো লাগছে। কৃষক নিশ্চয়ই অনেক যত্ন ও পরিচর্যা করে কচুটি ফলিয়েছেন। তাই এর কিছু অংশ কিনে মাছ দিয়ে রান্না করে খাব।

ব্যতিক্রমী এই মানকচু এখন চকবাজার এলাকার মানুষের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশাল আকৃতির কচুটি একনজর দেখতে ভিড় করছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দূরদূরান্ত থেকে আসা কৌতূহলী মানুষ।

অন্যদিকে কচুটির মূল মালিক সেলিম লস্কর জানান, প্রায় ১০ বছর ধরে তিনি কচুটি লালন-পালন ও পরিচর্যা করে বড় করেছেন। ক্রেতারা কচুটি কেনার জন্য আগ্রহ দেখানোয় শেষ পর্যন্ত বিক্রি করতে রাজি হন। তবে দীর্ঘদিনের যত্নে বড় করে তোলা কচুটি বিক্রি করার পর তার খারাপও লাগছে।