বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী ‘কাইল্ল্যা ফারুক’ গ্রেপ্তার

রাজধানীর কেরানীগঞ্জে একাধিক মামলার আসামি ও চাঁদাবাজির অভিযোগে ফারুক ওরফে ‘কাইল্ল্যা ফারুককে’ গ্রেপ্তার করেছে স্পেশাল র্যাপিড ব্যাটালিয়ন-২ (এসআরবি-২)। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বসিলায় এসআরবি-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাহিনীটির অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।
এসআরবি সূত্রে জানা গেছে, ফারুক দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জ ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অবৈধ অস্ত্রের মহড়ার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একটি বিদেশি পিস্তলসহ ফারুককে গ্রেপ্তার করা হয়। অপরাধ দমন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
