ইটভাটার মেশিনের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল বিএনপি নেতার

জামালপুরের মাদারগঞ্জে ইট তৈরির মেশিনের চাকায় পিষ্ট হয়ে লিয়াকত আলী (৫৫) নামে বিএনপির এক সাবেক নেতার মৃত্যু হয়েছে।
রোববার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার জোড়খালী ইউনিয়নের দক্ষিণ ঘুঘুমারী এলাকার ভাই ভাই ব্রিকসে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিয়াকত আলী মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের উত্তর জোড়খালী এলাকার বাসিন্দা। তিনি মৃত রফিকুল ইসলামের ছেলে। লিয়াকত গুনারীতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পাশাপাশি বর্তমান কমিটির সক্রিয় সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, লিয়াকত দীর্ঘদিন ধরে তার মামা আলহাজ নজরুল ইসলামের মালিকানাধীন ওই ইটভাটায় রক্ষণাবেক্ষণ ও সুপারভাইজারের দায়িত্ব পালন করছিলেন। রোববার কাঁচা ইট তৈরির কাজ চলার সময় অসাবধানতাবশত চলন্ত মোল্ডিং মেশিনের গাড়ির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে অন্য শ্রমিকেরা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম রনি জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই লিয়াকতের মৃত্যু হয়েছে।
নিহতের ভাতিজা সাংবাদিক খাদেমুল ইসলাম জানান, সোমবার বিকেল তিনটায় নিজ বাড়িতে জানাজা শেষে লিয়াকতকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
