সাতক্ষীরায় চিকিৎসায় অবহেলার অভিযোগ, কিশোরের মৃত্যু

সাতক্ষীরা ট্রমা সেন্টারে চিকিৎসায় অবহেলার কারণে তাহসিন (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে।
মঙ্গলবার (২ জুন) রাতে সাতক্ষীরা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাহসিনের মৃত্যু হয়।
সে সদর উপজেলার বাঁশদহা গ্রামের মান্নানের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে একটি নারকেল গাছে উঠতে গিয়ে পড়ে গুরুতর আহত হয় তাহসিন। পরে দুপুর দেড়টার দিকে তাকে সাতক্ষীরা ট্রমা সেন্টারে ভর্তি করা হয়।
স্বজনদের অভিযোগ, হাসপাতালে ভর্তির পর দীর্ঘ সময় কোনো চিকিৎসক বা নার্সের সাড়া পাওয়া যায়নি। পরে সার্জারি বিশেষজ্ঞ ডা. অসীম কুমার সরকার তাহসিনকে পরীক্ষা করে কয়েকটি পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেন। পরীক্ষাগুলো সম্পন্ন হলেও রিপোর্ট পেতে রাত ৯টা পর্যন্ত অপেক্ষা করতে হয়।
পরিবারের দাবি, রিপোর্ট দেখে চিকিৎসক জানান, তাহসিনের ফুসফুসে গুরুতর আঘাত লেগেছে এবং এ হাসপাতালে তার চিকিৎসা সম্ভব নয়। এর কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।
স্বজনেরা আরও অভিযোগ করেন, হাসপাতালে থাকাকালে তাহসিন শ্বাসকষ্টে ভুগলেও তাকে অক্সিজেন দেওয়া হয়নি। প্রয়োজনীয় আইসিইউ সুবিধাও সেখানে ছিল না। অন্য হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি বলে তাদের দাবি। চিকিৎসা বাবদ প্রায় ৩০ হাজার টাকা নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।
এ বিষয়ে বক্তব্য জানতে সাতক্ষীরা ট্রমা সেন্টারের মালিক ডা. হাফিজ উল্লাহর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
হাসপাতালের ম্যানেজার জনি বলেন, চিকিৎসায় কোনো অবহেলা হয়নি। রোগীর অবস্থা গুরুতর ছিল। চিকিৎসকেরা প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছেন।
