logo

বরগুনা/রাতের আঁধারে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তালা, ট্রাকে আগুন

রাতের আঁধারে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তালা, ট্রাকে আগুন
বিভিন্ন প্রতিষ্ঠানে তালা। ছবি: এশিয়া পোস্ট

বরগুনার বেতাগীসহ জেলার বিভিন্ন স্থানে রাতের আঁধারে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তালা, ট্রাকে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। উপজেলা পরিষদ ভবন, পৌরসভা কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দেওয়ার পাশাপাশি পৌরসভার একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে বেতাগী উপজেলা পরিষদ ভবনে তালা ঝুলিয়ে দেয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। একই সময়ে বেতাগী পৌরসভা কার্যালয়ের সামনে পৌরসভার একটি ট্রাকে আগুন দেওয়া হয়। পরে বেতাগী সরকারি কলেজেও তালা দেওয়া হয়। এবং বেতাগী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাঁচে আগুন দেওয়ার চেষ্টা করা হয়।

রাতের বিভিন্ন সময়ে বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজ, পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়, কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয় ও জমির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এছাড়া হোসনাবাদ ও মোকামিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়েও তালা দেওয়া হয়। এসব স্থানে বেতাগী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদারের পোস্টার লাগানো হয়।

এছাড়া বরগুনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের চান্দখালী বাইপাস এলাকায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে তারা। জেলার পাথরঘাটা সরকারি কলেজেও তালা দেওয়া হয়। এছাড়া বামনা উপজেলার রামনা শের-ই-বাংলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়েও তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক (এনাম) বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে পেট্রোলভর্তি বোতল উদ্ধার করা হয়। পাশাপাশি তালাবদ্ধ প্রতিষ্ঠানগুলোর তালা খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।